ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ, বুধবার অস্ট্রেলিয়া-বাংলাদেশ একদিনের সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশ ক্রিকেটে সিডন্স অধ্যায়ের সমাপ্তি হচ্ছে।
২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ দলের দায়িত্ব নেন এই অস্ট্রেলীয় কোচ। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী ৩০ জুন পর্যন্ত।
মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "প্রধান কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে বোর্ড একমত হয়েছে।"
গত চার বছরে বাংলাদেশ দলের জন্য সিডন্সের অবদানের প্রশংসা করলেও জালাল বলেন, "আমরা মনে করি, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফে পরিবর্তন আনার এখনই সঠিক সময়।"
শিগগিরই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ ইয়ান পন্টের চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের মেয়াদও শেষ হচ্ছে এ মাসেই। এ দুটি পদের জন্যও শিগগির বিজ্ঞাপন দেবে বিসিবি।
বোর্ডের সভায় জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেনের চুক্তির মেয়াদ ২০১২ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ফিজিও মাইকেল হেনরির বিষয়ে সিদ্ধান্ত হবে সপ্তাহ খানেকের মধ্যে। হেনরির চুক্তির মেয়াদও ৩০ এপ্রিল শেষ হচ্ছে।
বোর্ডের আলোচনায় এসেছে নির্বাচক কমিটির বিষয়টিও। রফিকুল আলমের নেতৃত্বাধীন ৩ সদস্যের নির্বাচক কমিটির মেয়াদও এপ্রিলেই শেষ হচ্ছে। জালাল ইউনুস জানিয়েছেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০১০৬ ঘ.
bdnews24