২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডের কথা মাথায় ছিল না: ওয়াটসন

'রেকর্ড' করা ইনিংস খেলার সময় রেকর্ডের ভাবনা মাথায় ছিল না শেন ওয়াটসনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'রেকর্ড' করা ইনিংস খেলার সময় রেকর্ডের ভাবনা মাথায় ছিল না শেন ওয়াটসনের। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ওয়াটসন বলেন, "ব্যাট করার সময় দ্রুত শতক কিংবা সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কথা মাথায় ছিল না।" গরমের জন্য খুব বেশি দৌড়াতে চাননি, তাই চার/ছয় হাঁকানোর দিকে নজর বেশি ছিল বলে তিনি জানান। বলেন, "গরমের কারণে খুব বেশি দৌড়াতে চাইনি। তাই নজর ছিল চার/ছয় মারার দিকে। শেষ পর্যন্ত তা কাজে লেগে গেছে। সব কিছুই ছিল আমার পক্ষে। এছাড়া ভাগ্যও ছিল আমার সঙ্গে।" তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয়টিতে সোমবার ৯৬ বলে ১৮৫ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়াটসন। ১৫টি চার ও ১৫টি ছক্কা দিয়ে তিনি তার ইনিংসটি সাজান। ওয়াটসন বেশিরভাগ ছক্কা হাঁকান লেগ সাইডে। এ প্রসঙ্গে তিনি বলেন, "বলের লাইন ও লেঙথ লেগ সাইডে ছিল বলেই এমনটা হয়েছে।" লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়াটসন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে আক্রমণের ধার। এ জন্য উইকেটের প্রশংসা করেন তিনি। বলেন, "বল কম ঘুরেছে। বাউন্সও ওঠা-নামা করেনি। 'সেট' হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি।" মাইকেল ক্লার্কের নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, "নেতৃত্ব দেয়ার সামর্থ্য তার মধ্যে আছে। কোনো সন্দেহ নেই, তার নেতৃত্বের শুরুটা ভালো হয়েছে। এখন এগিয়ে যাওয়ার পালা।" তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই খেলায় জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। ১৩ এপ্রিল শের-ই-বাংলায় তৃতীয় খেলা শুরু হবে দুপুর ২ টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১১ ঘ.