ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন ওয়াটসনই ব্যবধান গড়ে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।
"যেদিন কোনো ব্যাটসম্যান এমন ইনিংস খেলেন, সেদিন প্রতিপক্ষের আসলে করার কিছুই থাকে না", ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও খেলার মতো অসহায় আত্মসমর্পণ করলেন শাহরিয়ার নাফীস।
অনেকদিন পর রানের মধ্যে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, "এটা কঠোর পরিশ্রমের ফসল। এক হিসেবে ৫৬ কম রান নয়, কিন্তু ইনিংসটি বড় করতে পারলে ভালো হতো। ভালো হতো দলের জন্যও।"
২৩০ রানকে লড়াই করার মতো পুঁজি বলেই মনে করেন নাফীস। বলেন, "এটা লড়াই করার মতো তো বটেই, জেতার মতো রানও। ২২০/২৩০ রান করে এই মাঠেই আমরা জিতেছি। কিন্তু ওয়াটসন এমন একটা ইনিংস খেললেন যে তাকিয়ে দেখা ছাড়া করার কিছুই ছিল না। এমনকি, ৭টা ছয় হয়েছে ব্যাটের কানায় লেগে। দিনটা আসলে তারই ছিল।"
২৬ ওভারে ২৩২ রান করার পরও বোলারদের পাশে দাঁড়িয়েছেন নাফীস। "এই বোলিং করেই আমরা ভালো করেছি। দিনটা আসলেই আমাদের জন্য খারাপ ছিল",বললেন তিনি।
নাফীস বলেন, "প্রথম ১০ ওভারে ৬৮ রান তোলার পরও আমরা ধরে নিয়েছিলাম যে আর দুই/একটা উইকেট নিতে পারলে অস্ট্রেলিয়াকে চেপে ধরা সম্ভব। কিন্তু পরে যখন ১৬০ রান করে ফেললো, তখন আসলে করার কিছুই ছিল না।"
অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, "পেসাররা শুরু থেকেই স্টাম্প বরাবর বল করেছেন। তারপরও আমরা ২২৯ রান করেছি।"
এমন হারের পর শেষ খেলায় কতটা ঘুরে দাড়াতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওয়াটসনের ব্যাটিংয়ের কথা ভুলে যেতে চেষ্টা করবো। মনে রাখবো কেবল আমাদের ব্যাটিংয়ের কথা।"
২৩০ থেকে ২৫০ রান করতে পারলে লড়াই করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, "বোলাররা নিশ্চয়ই পরের খেলায় ছন্দে ফিরবেন।"
উইকেট সম্পর্কে তিনি বলেন, "উইকেট ভালোই ছিল। কিন্তু যেদিন প্রতিপক্ষের কেউ এমন ব্যাট করেন, সেদিন আসলে করার কিছুই থাকে না। ব্যবধানটা গড়ে দিয়েছেন ওয়াটসনই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩২ ঘ.
bdnews24