২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরের দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে'

জুম আলট্রা একদিনের সিরিজের শেষ দুই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুম আলট্রা একদিনের সিরিজের শেষ দুই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথ। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী অস্ট্রেলিয়া। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, "এখানে আমাদের শুরুটা ভালো হয়েছে। অধিনায়ক মাইকেল ক্লার্ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন।" পরের দুটো ম্যাচে স্বাগতিকরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলতে পারে বলে মনে করছেন স্মিথ। "দেশের মাটিতে বাংলাদেশ খুব শক্তিশালী দল। দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা চাপ তৈরি করতে পারেন।" বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কায় খেলে যাওয়ার কারণে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের অনেকটাই মানিয়ে নিয়েছেন বলে জানান স্মিথ। "ভারত ও শ্রীলঙ্কায় খেলে যাওয়ার কারণে কন্ডিশন অনেকটাই পরিচিত। তবে এখানে উইকেট অনেক শ্লথ। তাছাড়া বল অনেকটা নিচু হয়ে যায়।" বেশ কিছু দিন ধরেই অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য তিনি। 'অলরাউন্ডার' হলেও ব্যাটিং কিংবা বোলিং কোনটাতেই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেন নি। তবে কঠোর অনুশীলন করছেন বলে জানান। শিগগির 'ফর্ম' ফিরে পাবেন বলে আশা করছেন। "এটা ঠিক ধারাবাহিকতা বজায় রাখতে পারছি না। বিশ্বকাপে সেভাবে কিছু করতে পারিনি। তবে নেটে কঠোর পরিশ্রম করছি। আশা করছি শিঘ্রই সাফল্য পাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৫ ঘ.