ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ৭ বল।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস টস জিতে ব্যাট করতে পাঠায় ডেকান চার্জার্সকে। ব্যাটিংয়ে নেমে তারা ৮ উইকেটে করে ১৩৭ রান।
রান তাড়া করতে গিয়ে জোহান বোথা ও রস টেলরের ব্যাটিংয়ের ওপর ভর করে ১৮ ওভার ৫ বলে জয়ের লক্ষ্য ১৩৮ টপকে ২ উইকেটে ১৪১ রানে পৌঁছে যায় রাজস্থান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ বলে ৬৭ রানের হার না মানা একটি ইনিংস খেলেন বোথা। তিনি তার ইনিংসটি সাজান ৮টি চার ও একটি ছক্কা দিয়ে। আর টেলর ১৪ বলে অপরাজিত ২১ রান করেন ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে।
এছাড়া রাহুল দ্রাবিড় ২৮ ও অমিত পাওনিকার ২০ রান করেন।
ডেকানের পক্ষে ২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পেসার ডেল স্টেইন।
এর আগে তারকাকচিত দল হলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ডেকানের কোনো ব্যাটসম্যান।
দলের পক্ষে শেখর ধাওয়ান ২৪, ইয়াঙ্ক জাজ্ঞি ২৫, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২৬ ও রবী তেজা ২৮ রান করেন।
রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট নেন সিদ্ধার্থ ত্রিবেদী ও অমিত সিং। এ জন্য ত্রিবেদীর খরচ হয় ১৫ রান। অমিত দেন ৩৫। এছাড়া অধিনায়ক শেন ওয়ার্ন ২১ রান দিয়ে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৪ ঘ.
bdnews24