২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের ব্যর্থতায় পিছিয়ে বাংলাদেশ

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজের প্রথম বেসরকারী টেস্টের দ্বিতীয় দিনে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজের প্রথম বেসরকারী টেস্টের দ্বিতীয় দিনে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা এ নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করার আগে ৭ উইকেটে ৩০১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সফরকারীরা গুটিয়ে যায় ১৫৬ রানে। খেলে ঠিক ৫০ ওভার। নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট ১০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা ৭ উইকেট হাতে রেখে এগিয়ে আছে ২৫০ রানে। আগের দিন শামসুর রহমানকে ফিরিয়ে দিয়ে স্বাগতিক বোলাররা জানান দিয়েছিলো সফরকারীদের মোটেও স্বস্তি দেবে না তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা পরিস্কার হয়ে যায়। দিনের শুরুতে সহঅধিনায়ক জুনায়েদ সিদ্দিককে (০) হারিয়ে বাংলাদেশ এ দলের আসা যাওয়ার পালা শুরু হয়। ২৬ ওভারে ৮০ রান তুলতেই হারিয়ে বসে প্রথম ছয় ব্যাটসম্যানকে। তাদের মধ্যে চারজন নাজিমুদ্দিন (১৩), মোহাম্মদ আশরাফুল (১৪), মেহরাব হোসেন (ছোট) (১৮) ও নাদীফ চৌধুরী (১৯) দু'অঙ্কে পৌঁছলেও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেন নি। সপ্তম উইকেট জুটিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের জুটি গড়েন সাগির হোসেন (২৩) ও নাসির হোসন (৩৩)। এ দুজন সাজঘরে ফেরার পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশ এ দলের ইনিংস। আট নম্বর ব্যাটসম্যান নাসিরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রেগ আলেক্সান্ডার ৩ উইকেট নেন ১৮ রানে। দক্ষিণ আফ্রিকা পায় ১৪৫ রানের লিড। নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দারুণ সতর্ক হয়ে ব্যাট করে স্বাগতিকরা। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৩৬ ওভার ২ বল ব্যাট করে ৩ উইকেট হারিয়ে করে ১০৫ রান। দ্বিতীয় দিন শেষে জ্যাক রুডলফ ৩০ ও ভ্যান জিল ১০ রানে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেটই নেন নাসির। এ জন্য তাকে দিতে হয়েছে ৩৫ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫২ ঘ.