ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার জুম আলট্রা একদিনের সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সাকিব আল হাসান।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
"অবশ্যই আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি। এই সিরিজকে আমরা একটা সুযোগ হিসেবে দেখছি। কোনো সন্দেহ নেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে।"
গত ৬ মাস ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছিলাম। বিশ্বকাপে ভালো করিনি। কিছু কিছু জায়গায় আরো উ্ন্নতি করতে হবে। সেসব নিয়েই এখন কাজ চলছে। দলের সবারই লক্ষ্য আগের চেয়ে ভালো করা।
এ সময় ৩-০ তে সিরিজ হারতে পারেন বলেও স্বীকার করে নিয়েছেন। তবে বলেছেন, "অন্তত একটা ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে ধরে ফেলতে পারি।"
মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে আজ সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। আগের দিন সাংবাদিকদের মাশরাফি জানিয়েছিলেন এ ব্যাপারে তিনি নিজেই বলবেন। তবে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাকিব জানান "মাশরাফি দলের সঙ্গে আছেন। তিনি দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।"
পরে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "খেলার জন্য তিনি সম্পূর্ণ ফিট। এছাড়া দলে থাকলে সব সময় তিনি খেলেছেনও।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে বাংলাদেশের প্রত্যাশার ব্যাপারে কথা বলতে গিয়ে বারবার এসেছে বিশ্বকাপ প্রসঙ্গ।
"বিশ্বকাপে প্রত্যাশা ছিলো অনেক বেশি। এবার সে তুলনায় প্রত্যাশা অনেকটাই কম। এর ভালো মন্দ দুটি দিকই আছে। তবে আমাদের জন্য ব্যাপারাটি একই রকম। বিশ্বকাপে যতটা 'সিরিয়াস' ছিলাম এখানেও তাই। আর আর্ন্তজাতিক ম্যাচের স্বাভাবিক চাপ তো আছেই।"
বিশ্বকাপে ভালো করতে না পারায় চাপের মধ্যে আছে বাংলাদেশ। বিশেষ করে দলের ব্যাটসম্যানরা। সাকিব বলেছেন, ব্যাটসম্যানরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে।
"ব্যাটিংয়ে আমাদের আরো উন্নতির সুযোগ আছে। ব্যাটসম্যানরা কঠোর পরিশ্রম করছেন। সিরিজকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হলে উন্নতি করতেই হবে।"
প্রতিপক্ষ অনুযায়ী গেম প্ল্যান সাজায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এ রকম গেম প্ল্যান আছে বলে জানান সাকিব।
বিশ্বকাপে ভালো না করলেও অস্ট্রেলিয়াকে শক্তিশালী দল হিসেবে মানছেন সাকিব। বোলারদের মধ্যে কেবল শন টেইট নেই এছাড়া বাকি সবাই আছেন। তাছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং যথেষ্ট শক্তিশালী।
"র্যাঙ্কিংয়ে এখনো অস্ট্রেলিয়া শীর্ষ দল। তাদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। দলটির ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি দিকই সমান শক্তিশালী।"
বিশ্বকাপে ব্যাট হাতে অনুজ্জল ছিলেন সাকিব। এবার রানে ফিরতে চান তিনি। তবে ব্যাক্তিগতভাবে কোনো লক্ষ্য ঠিক না করলেও বলেছেন, ভালো করতে পারলে নিজের ও ক্রিকেটের জন্য সেটা ভালো হবে।
বিশ্বকাপে স্পিনাররা খুব একটা খারাপ করেনি বলেই সাকিবের মত। বলেছেন, "আগের সিরিজগুলোর মত অত ভালো না হলেও খারাপ করেন নি স্পিনাররা। প্রতি ম্যাচেই ভালো বল করছেন। ম্যাচ জিতিয়েছেন।"
৫৮ ও ৭৮ রানের বিপর্যয় নিয়ে ভাবছেন না বলে সাকিব জানান। বলেছেন, প্রথম লক্ষ্য ৫০ ওভার ব্যাট করা। 'পাওয়ার প্লে' এলে দেখা যাবে বলে এড়িয়ে যান পাওয়ার প্লে প্রসঙ্গ।
"ওই দুই ম্যাচ নিয়ে ভাবছি না। প্রথম লক্ষ্য পুরো ৫০ ওভার ব্যাট করা।"
বিশ্বকাপে ১০ দল খেলানো প্রসঙ্গে বলেছেন, সিদ্ধান্ত সঠিক না ভুল সেটা সময়ের ব্যাপার। তবে দীর্ঘ মেয়াদে একে ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাকিব।
বাংলাদেশ বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে ৯ নম্বর দল। ভবিষ্যতে বাছাই পর্ব খেলে আসতে হতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, "সেটা ওই সময় দেখা যাবে।" নিয়মানুযায়ী যা হয় হবে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বকাপের ভুলগুলো নিয়ে বাংলাদেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ দলে খুব এতটা পরিবর্তন হবে না বলে জানান তিনি। বড়জোর দুয়েকটা পরিবর্তন হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩৬ ঘ.
bdnews24