ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ক্রিকেট বাইবেল' হিসেবে খ্যাত 'উইজডেন ক্রিকেটার্স অ্যালামন্যাক' এর বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান।
বর্ষসেরা তালিকায় তার সঙ্গে আছেন আরো তিন ক্রিকেটার।
উইজডেন ক্রিকেটার্স অ্যালামন্যাক এর ১৪৮ তম সংস্করণ বাজারে আসবে ১৪ এপ্রিল। শুক্রবার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।
বর্ষসেরার খেতাব পাওয়া অন্য তিন ক্রিকেটার হলেন- ইয়ন মর্গান, ক্রিস রিড ও জোনাথন ট্রট।
নিয়ম অনুযায়ী পাঁচ ক্রিকেটারের নাম থাকার কথা বর্ষসেরার তালিকায়। ১৯২৬ সাল থেকে তাই করে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালামন্যাক। তবে উইজডেন সম্পাদক শিল্ড বেরি এবার নির্বাচন করেছেন বর্ষসেরা চার ক্রিকেটার।
এবারের তালিকাতেও পাঁচজনের নাম ছিল। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অপর খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।
গত বছর ইংল্যান্ড সফরকারী পাকিস্তান দলের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মেহাম্মদ আমিরকে স্পট ফিক্সিংয়ে দায়ে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তিনজনের পারফর্ম্যান্সের ভিত্তিতে অনুমান করা হচ্ছে বর্ষসেরার তালিকায় থাকা অপর খেলোয়াড় হচ্ছেন আমের। তিনি ওই সফরে চার টেস্টে ১৮.৩৬ গড়ে ১৯ উইকেট নিয়েছিলেন।
২০১০ সালে দুটি টেস্টের এক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে হওয়া দুটি টেস্টেই শতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। সেই স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশী হিসেবে তামিমের নাম ঠাঁই পাবে উইজডেনে ১৪৮ তম সংস্করণে।
এর আগে ২০১০ সালে উইজডেন ক্রিকেটার সাময়িকীর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে তামিমের নাম ঘোষণা করা হয়।
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলে ইংল্যান্ডকে ট্রফি এনে দেওয়ায় ইয়ন মর্গানের নাম আছে বর্ষসেরার তালিকায়।
জোনাথন ট্রট গত বছর খেলেছেন ২২৬ ও ১৮৪ রানের দুটি দানবীয় ইনিংস। এক বর্ষ পঞ্জিকায় তুলেছেন ১৩২৬ টেস্ট রান। ফলে বর্ষসেরার তালিকায় আছেন তিনিও।
আর উইকেটরক্ষক অধিনায়ক ক্রিস রিড নটিংহ্যামশায়ারকে এনে দিয়েছেন কাউন্টি ট্রফি। মৌসুমের শেষ দিনে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের মধ্য দিয়ে এসেছিল কাঙ্খিত সেই শিরোপা। অধিনায়ক রিডকেও বর্ষসেরার খেতাব দিয়ে সম্মান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৬১০ ঘ.
bdnews24