ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বিশ্বকাপে ১০ দল খেলানোর সিদ্ধান্ত নেয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র তীব্র সমালোচনা করেছেন উইলিয়াম পর্টারফিল্ড।
সোমবার মুম্বাইয়ে আইসিসির নির্বাহী বোর্ড সভায় নেয়া এ সিদ্ধান্তকে 'একটি সত্যিকারের রসিকতা' হিসেবে আখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড।
আইসিসির ওই সভায় ২০১৫ সালের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দশটি দলকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো সহযোগী দেশগুলোর ওই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।
ক্ষুব্ধ পর্টরফিল্ড বলেন, "এটা একটা সত্যিকারের কলঙ্ক। আমি জানি না তারা কি করে এটা করতে পারল। আমরা সম্ভাব্য সবকিছু করেছি। জানি না এখন তারা কি করে আমাদেরকে এর বাইরে রাখতে পারে। কোনো বাছাই পর্ব থাকছে না তার পরেও একে তারা বিশ্বকাপ বলার চেষ্টা করছে।"
সোমবারের ওই সিদ্ধান্তের কারণে আগামী ৮ বছর ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে সহযোগী দেশগুলোর থাকা হচ্ছে না।
আয়ারল্যান্ড এ মুহূর্তে আইসিসির র্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল। বিশ্বকাপে গ্র"প 'বি'র দল আয়ারল্যান্ড প্রথম পর্ব থেকেও বিদায় নিলেও হারিয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারায় দলটি।
পর্টরফিল্ড বলেছেন "আমরা এ মুহূর্তে র্যাঙ্কিংয়ের দশ নম্বর দল। আরো এক বা দু ধাপ এগোতে পারবো না এমন ভাবার কোনো কারণ নেই। এরপরেও আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়া হয়েছে। এটা লজ্জাজনক।"
টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়িয়ে ১৬টি করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন পর্টারফিল্ড। বলেছেন এ সিদ্ধন্তে টেস্ট খেলে না এমন সবকটি দেশ ক্ষতিগ্রস্ত হবে। "প্রত্যেক ক্রিকেটার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই দরজা এখন বন্ধ হয়ে গেছে। সেটা শুধু সাহযোগী দেশের জন্য নয় ক্রিকেটের উন্নয়নের জন্যও।"
পর্টারফিল্ড বলেছেন, "এটা শুধু আয়ারল্যান্ডের ব্যাপার নয়। এর মানে হচ্ছে অনেক দেশে ক্রিকেটের মৃত্যু। আর সেটি হচ্ছে পূর্ণ সদস্য দেশগুলোর কারণে। এভাবে পিঠ দেখনোর পরেও, অর্ধেক পৃথিবীর জন্য দরজা বন্ধ করে দেয়ার পরেও তারা নিজেদের 'গভর্নিং বডি' দাবি করে? এটা রসিকতা ছাড়া আর কিছু নয়।"
তিনি বলেন, "পূর্ণ সদস্য দেশগুলোর দায়িত্ব বিশ্ব ক্রিকেটের খোঁজ রাখা। এখন এটা আর বিশ্বকাপ থাকছে না, গরফিল্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিণত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৬ ঘ.
bdnews24