ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠবারের প্রচেষ্টায় বিশ্বকাপ জেতার পর এটাকেই জীবনের সেরা মুহূর্ত বলেছেন শচীন টেন্ডুলকার।
শনিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের এই কিংবদন্তি বলেছেন, "এর আগেও বিশ্বকাপ জয়ের কাছাকাছি গেছি কিন্তু পারিনি। তবে কখনোই আশা ছাড়িনি। অবশেষে অমি পেরেছি। এটা বিশেষ কিছু।"
বর্ণাঢ্য ক্রিকেট জীবনে ক্রিকেটকে কম দেননি শচীন। নিজেও কম পান নি। তবে সে সবকে ছাড়িয়ে গেছে বিশ্বকাপ জয়।
বলেছেন, "কোনো সন্দেহ নেই এটাই আমার ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত। অতীতের যে কোনো স্মরণীয় সময়ের চেয়ে এটা যোজন যোজন ব্যবধানে এগিয়ে।"
আরাধ্য বিশ্বকাপ জয়ের পর অনুভূতি কি সে প্রশ্নের জবাবে বাকরুদ্ধ শচীন।
"সত্যি বলতে কি অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলছি। এটা এমন এক মুহূর্ত যার জন্য আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। ২১ বা ২২ বছর কম দীর্ঘ সময় নয়।"
২৮ বছর পর আবারো ভারতের হল বিশ্বকাপ। শুধু ক্রিকেটারদের নয়, বিশ্বকাপ পুরো দেশের বলে মন্তব্য করেছেন শচীন।
"ভারতীয় হিসেবে আমরা সবাই এ কাপ জয় করেছি। এটা আমাদের ১৫ জনের নয় পুরো দেশের।"
স্বপ্নকে তাড়া করে ফিরেছেন পুরো ক্যারিয়ার জুড়ে। সবচেয়ে বড় স্বপ্নটাকে মুঠো বন্দী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। অবশেষে এসেছে সাফল্য। শচীন এখন বিশ্ব জয়ী দলের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৪ ঘ.
bdnews24