২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকেই এগিয়ে রাখলেন সাঙ্গাকারা

ফাইনালে ভারতই 'ফেভারিট' বলে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে নিজেদের 'আন্ডারডগ' মানতে নারাজ তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে ভারতই 'ফেভারিট' বলে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে নিজেদের 'আন্ডারডগ' মানতে নারাজ তিনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার সাঙ্গাকারা বলেন, "যেহেতু তারা (ভারত) ফাইনালে পৌঁছেছে তাই সবাই চাইবে তারাই চ্যাম্পিয়ন হোক। শিরোপা জিততে তারা সেরাটা খেলবে। কিন্তু আমরাও পুরো প্রতিযোগিতায় ভালো খেলেছি। তাই আমাদের আন্ডারডগ বলা যাবে না।" তিনি আরো যোগ করেন, গত দুই-তিন বছরে সবাই তাদের (ভারত) সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে ধরে নিয়েছে। আমি নিশ্চিত তারাও নিজেদের সেখানেই দেখতে পছন্দ করে। আমরা আগামীকাল যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা করবো। ২০০৭ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলো শ্রীলঙ্কা। সেবার অ্যাডাম গিলক্রিস্ট ১৪৯ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছিলেন। সাঙ্গাকারা বলেন, আমরা চেষ্টা করবো যেন ২০০৭ এর ঘটনার পুনরাবৃত্তি না হয়। তবে যদি এমন কিছু হয়েই যায় তবে চেষ্টা থাকবে তার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ও খেলায় ফিরতে। টানা দুইবার ফাইনাল খেলতে পেরে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত শ্রীলঙ্গা। তবে ভারতের বিপক্ষে ফাইনালের আগে নিজেদের আবেগকে নিয়ন্ত্রনের কথা বলেছেন সাঙ্গাকারা। ওয়েংখেড়ে স্টেডিয়ামের উইকেট নিয়ে সাঙ্গাকারা বলেন, ওয়েংখেড়ের উইকেট শ্রীলঙ্কার উইকেটের মত হবে না। শ্রীলঙ্কার উইকেট কিছুটা কঠিন ছিলো। এখানের উইকেট বেশ ভালো। দেখে মনে হচ্ছে খেলার জন্য যথোপযুক্ত উইকেটই তৈরি করা হয়েছে। আমরা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫২ ঘ.