২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত ক্রিকেট উত্তাপ ঢাকায়ও

বিশ্বকাপ থেকে টাইগাররা বিদায় নিলেও ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 06:30 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ থেকে টাইগাররা বিদায় নিলেও ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশে। বুধবার বিকালে দুই ক্রিকেট পরাশক্তির লড়াই শুরু হওয়ার আগেই তার প্রভাব পড়েছে ঢাকায়। রাজধানীতে অনেকে সকালেই কাজ সেরে বিকালটা খেলার জন্য রাখতে চেয়েছেন। যে সচিবালয়ের ফটকগুলোতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লেগে থাকে, সেখানেও ছিলো জনশূন্যতা। ছ্ত্রা থেকে চাকরিজীবী, ব্যবসায়ী থেকে পেশাজীবী, গৃহিণী থেকে রিকশা বা গাড়ি চালক কেউই বাদ নেই 'মহাযুদ্ধের' উত্তেজনার বাইরে। সবাই প্রহর গুণছে কখন বাজবে ৩টা? কখন শুরু হবে 'মহারণ'। তবিবুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সকালে মিরপুর থেকে মতিঝিল এসেছেন ২৫ মিনিট সময়ে। অন্যদিন এই দূরত্বে পৌঁছতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। মকবুল হোসেন গাবতলী থেকে নিউমার্কেট এসেছেন আধা ঘণ্টা সময়ে। ৭ নম্বর বাসের চালক সালেক সেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খেলার কারণে অনেকেই রাস্তায় নামেনি। তাছাড়া খেলা দেখবে বলে বহু ড্রাইভার আজকে ডিউটি করবে না।" শাহবাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত-পাকিস্তান খেলার কারণে আজ যানজট কম। রাস্তায় মানুষের পাশাপাশি গাড়ির সংখ্যাও কম।" কামাল হোসেন তালুকদার একজন গণমাধ্যমকর্মীর বুধবার সাপ্তাহিক ছুটি থাকলেও তিনি অফিসে সবার সঙ্গে মজা করে খেলা দেখবেন বলে ছুটি নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর সব বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলছে খেলা দেখার প্রস্তুতি। টিভি রুমে সিট না পাওয়ার আকাক্সক্ষায় অনেকেই খেলা শুরু কয়েক ঘণ্টা আগেই সিট 'দখল' করেছেন। জগন্নাথ হলের অনিমেষ সাহা জানান, সকাল সাড়ে ১১টা থেকেই অনেকে টিভি রুমে গিয়ে চেয়ার দখল করে বসে আছে। মাস্টার দা সূর্যসেন হলের রিয়াদ আহসান বলেন, "সকাল ১১টা থেকে আমাদের ক্লাস ছিলো। কিন্তু আমরা কেউই ক্লাস করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২৩০ ঘ.