২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটন ঘটিয়ে শেষ চারে নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারায় তারা। এ নিয়ে চারবার 'নক আউট' পর্ব থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য ২২২ রান তাড়া করতে গিয়ে ৪৩ ওভার ২ বলে ১৭২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জেসি রাইডারের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২২১ রান করে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান হাশিম আমলা (৭)। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস ৬১ রান তুলে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৬৯ রানের মাথায় জ্যাকব ওরামের বলে বিদায় নেয়ার আগে স্মিথ করেন ২৮। তৃতীয় উইকেটে ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স ৩৯ রানের জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থায় নিয়ে যান। তবে ১০৮ রানের মাথায় ৭৫ বলে ৪৭ রান করে ক্যালিসের বিদায়ের পর খেলায় ফিরে আসে নিউজিল্যান্ড। সেই সঙ্গে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে দক্ষিণ আফ্রিকার পালা। মাত্র ৬৪ রানের মধ্যে বাকি ৭ ব্যাটসম্যান বিদায় নেন। তাদের মধ্যে ভিলিয়ার্স ৩৫ ও ফাফ প্লেসিস ৩৬ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। নিউজিল্যান্ডের পক্ষে ওরাম ৪ উইকেট নেন ৩৯ রানে। ২৪ রানে ৩ উইকেট নেন নাথান ম্যাককালাম। এর আগে নিউজিল্যান্ডেরও শুরুটা ভালো হয়নি। ১৬ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল (১) ও ব্রেন্ডন ম্যাককালাম (৪) সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে তৃতীয় উইকেট জুটিতে ১১৪ রান যোগ করে দলকে পথে ফিরিয়ে আনেন রাইডার ও রস টেলর। ৭২ বলে ৪৩ রান করে টেলর বিদায় নিলেও অবিচল ছিলেন রাইডার। এ রান করার পথে টেলর নিউজিল্যান্ডের দ্বাদশ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩ হাজার রানের মাইল ফলক অতিক্রম করেন। দলীয় ১৫৬ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রাইডার। তিনি ৮৩ রান করেন ১২১ বলে, ৮টি চারের সাহায্যে। এটি বিশ্বকাপে রাইডারের প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে পঞ্চম। এরপর কেন উইলিয়ামসন ছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। তার ৪১ বলের ইনিংসে একটি চার ও একটি ছক্কা রয়েছে। দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্নে মরকেল ৩ উইকেট নেন ৪৬ রানে। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও ডেল স্টেইন। এর জন্য তাহির দেন ৩২ রান। স্টেইন ৪২। সেরা খেলোয়াড় হন ওরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫০ ঘ.