২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে ভারতকেই পছন্দ ওয়াকারের

চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার পর পাকিস্তানের কোচ ওয়াকার ইউনূস বলেছেন, শেষ চারের প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চাইবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার পর পাকিস্তানের কোচ ওয়াকার ইউনূস বলেছেন, শেষ চারের প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চাইবেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটের দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, "দলের কথা বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করি। "পাকিস্তান-ভারতের মতো বড় ম্যাচ ক্রিকেটে আর হয় বলে আমার মনে হয় না।" ওয়াকার বলেন, "এমন কি অ্যাশেজ সিরিজও এতোটা জনপ্রিয় না। দুই দেশের জনগণই ক্রিকেট প্রচণ্ড ভলোবাসে। এমনিতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে বড় কোনো প্রতিযোগিতার আয়োজন হয় না। তবে আমরা মনে হয়, এটা হলে দারুণ হবে। আর পাকিস্তান-ভারত সেমিফাইনাল হলে সেটা সত্যিই দেখার মত হবে।" ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা করেন ওয়াকার। তিনি বলেন, "আমার মনে হয় বাংলাদেশিরা আমাদের বন্ধু। নকআউট পর্ব শুরু হয়ে গেছে। স্বভাবতই এটা অনেক বড় ম্যাচ। আমরা জানি, বাংলাদেশে আমাদের অনেক সমর্থক আছে। তারা সবসময়ই আমাদের সমর্থন দিয়ে এসেছে। এ জন্য তাদের অনেক ধন্যবাদ।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত চলতি বিশ্বকাপে পাকিস্তানের উদ্ভোধনী জুটির সর্বোচ্চ রান ছিলো ২৯। তবে কোয়ার্টার ফাইনালে উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন থেকেই ম্যাচ জিতিয়েছেন। কোচকেও খানিকটা ভারমুক্ত করেছেন তারা। "আমি উদ্বোধনী জুটি নিয়ে খুবই খুশি। আগের ম্যাচ পর্যন্ত উদ্বোধনী জুটি নিয়ে দলকে চাপের মধ্যে থাকতে হয়েছে। আজ তারা রান পাওয়ার আমারা খুবই আনন্দিত। পরের ম্যাচে এটা দারুণ কাজে আসবে।" ব্যাট হতে অপরাজিত ৬১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা মোহাম্মদ হাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াকার বলেন, "হাফিজ একজন ভালো ক্রিকেটার। আত্মবিশ্বাস নিয়েই বল করে সে। আমি অনুশীলনে তাকে নিয়ে বেশ খেটেছি। তবে বড় বিষয় হলো- সে নিজেকে বিশ্বাস করে। হয়তো খুব জোরে বল করতে পারে না, তবে ভলো বল করে। ব্যাট হাতেও দারুণ দেখিয়েছে হাফিজ।" নিজের দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ওয়াকার বলেন, পুরো প্রতিযোগিতায় বোলিং নিয়ে তাদের ভাবতে হয়নি। আসরের শুরু থেকেই বোলিং ভালো হচ্ছে। কিন্তু সমস্য হচ্ছে ব্যাটিংয়ে। "তবে আজ আমরা এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি সত্যিই খুশি।" সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে এখনই বেশি না ভেবে ভালো খেলাটা চালিয়ে যাওয়ার পক্ষে পাকিস্তান দলের কোচ। "এখন পর্যন্ত আমরা ভলো খেলেছি। এই মুহূর্তে নিজেদের ভালো খেলাটা চালিয়ে যাওয়া বেশি প্রয়োজন। আমরা আগামীকালের (বৃহস্পতিবার) খেলাটা খুব মনযোগ দিয়ে দেখবো। তারপর যে দল জিতবে তাদের বিষয়ে চিন্তা ভাবনা করবো। তাছাড়া যেহেতু ৫/৬ দিন সময় পাওয়া যাচ্ছে, সেহেতু অনুশীলনটাও চালিয়ে যেতে চাই।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেলেও এর কৃতিত্ব শিষ্যদেরই দিতে চান ওয়াকার। "আমার মনে হয়, পাকিস্তান দলকেই এর কৃতিত্ব দেওয়া উচিত। আমরা পজেটিভ ক্রিকেট খেলেছি। প্রথমে বল হাতে ভালো করেছি। এরপর ব্যাটিংও করেছি দারুণ। আমার মনে হয় তাদের (ওয়েস্ট ইন্ডিজ) অল্প রানে বেঁধে ফেলার কৃতিত্ব আমার বোলরদেরই দেওয়া উচিত।" আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে এলো ওয়াকারের কণ্ঠে। "আমাদের দলে এর আগেও উত্থান পতন হয়েছে। এ জন্য আমার বিশ্বাস ছিলো- বিশ্বকাপে আমরা ভলো করতে পারবো। আমি জানি, আমাদের দেশ এখন ক্রিকেট হয় না। আমরা যদি ভলো খেলি, তাহলে হয়তো দেশের মানুষ আবার আমাদের ওপর বিশ্বাস ফিরে পাবে। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটও আবার পাকিস্তানে ফিরবে।" ভারতের মাটিতে সেমিফাইনালে নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন পাকিস্তান দলের এই সাবেক পেসার। ওয়াকার বলেন, "আমার মনে হয় ১৯৯৯ সালে পরিস্থিতি আরো খারাপ ছিলো। তখনও আমরা ভারতে খেলেছি। কোনো সমস্যা হয়নি। এখনতো পরিস্থিতি অনেক ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/০০২২ ঘ.