ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মূল শক্তি ব্যাটিং। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। তাই বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আভাস মিলছে ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
অস্ট্রেলিয়া সহজেই হারায় কানাডা, কেনিয়া ও জিম্বাবুয়েকে। সহজ জয় পায় নিউজিল্যান্ডের বিপক্ষেও। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে শ্রীলঙ্কার সঙ্গে। তবে গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় হেরে যায় পাকিস্তানের সঙ্গে। ৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে থেকে শেষ করে গ্র"প পর্ব।
ভারত সহজেই জেতে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টাই করে ইংল্যান্ডের সঙ্গে। তবে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। ৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে তারা গ্র"প পর্ব।
এর আগে ১০৪ বার খেলেছে অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৬১ বার। ভারত ৩৫ বার। ফল আসেনি ৮ খেলায়।
বিশ্বকাপে গত ২৪ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি ভারত। সর্দার প্যাটেল স্টেডিয়ামেও ভাগ্যটা ঠিক প্রসন্ন নয় ভারতের। জিততে পারেনি শেষ চার খেলায়। মোট ১২ খেলায় জিতেছে ৫টিতে। হেরেছে ৭টিতে।
তবে দুর্দান্ত খেলছেন ভারতের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ তো আলো ছড়াচ্ছেন রীতিমতো। শেবাগ (এক শতকসহ ৩২৭ রান, স্ট্রাইক রেট ১২৫.২৮) ও শচীন (দুই শতকসহ ৩২৬ রান, স্ট্রাইক রেট ৯৯.৬৯) প্রতি খেলাতেই দলকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা।
রান পাচ্ছেন যুবরাজ সিংও। তার ব্যাট থেকে এসেছে একটি শতক ও তিনটি অর্ধশতক। ৯৪.৬৬ গড়ে করেছেন ২৮৪ রান। বিরাট কোহলি ও গৌতম গম্ভিরও রানের মধ্যে আছেন। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠান সেভাবে রানের মধ্যে নেই।
বল হাতে কেবল আলো ছড়াচ্ছেন জহির খান। ১৫ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অবশ্য খুব একটা সহায়তা পাচ্ছেন না হরভজন সিংয়ের কাছ থেকে।
তবে অনিয়মিত স্পিনার যুবরাজ সিং ৯ উইকেট নিয়ে বল হাতেও ধোনিকে জোগাচ্ছেন বাড়তি নির্ভরতা।
ভারতের উদ্বোধনী ব্যাটসম্যানদের মতোই অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যানরাও রানের মধ্যে আছেন। ব্র্যাড হ্যাডিন (২৭৯) ও শেন ওয়াটসন (২৬৫) প্রায় প্রতি খেলাতেই শক্ত ভিত্তি গড়ে দিচ্ছেন দলকে।
তবে অধিনায়ক রিকি পন্টিং নেই রানের মধ্যে। একই অবস্থা ক্যামেরন হোয়াইটেরও। মাইক হাসির ব্যাটও হেসে ওঠেনি। তবে মাইকেল ক্লার্ক রানের মধ্যেই আছেন। ১১২.৫ গড়ে রান করেছেন ২২৫।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের পুরোভাগে আছেন তিন গতির রাজা। উপমহাদেশের উইকেট হলেও বাড়তি গতি ও বাউন্স আদায় করে নিচ্ছেন ব্রেট লি (১২ উইকেট), মিচেল জনসন (১০ উইকেট) ও শন টেইট (১০ উইকেট)।
তবে স্পিনার হয়েও উপমহাদেশের উইকেটে জেসন ক্রেজা ও স্টিভ স্মিথ মোটেও সুবিধা করতে পারছেন না। উল্টো কেনিয়া ও কানাডার ব্যাটসম্যানদের হাতেও নাকাল হয়েছেন তারা। বল প্রতি উইকেট নেয়ার হারেও তারা পড়ে আছেন সবার পেছনে।
লড়াইয়ের মধ্যে ছোট ছোট অনেক লড়াই থাকলেও মূল মঞ্চে থাকবেন ভারতের উপরের সারির ব্যাটসম্যান ও অস্ট্রেলিয়ার তিন পেসার। এ লড়াইয়ে কোন পক্ষ জিতবে, তার ওপরই নির্ভর করছে খেলার ভাগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১১ ঘ.
bdnews24