২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসি আছেন পন্টিংয়ের পাশে

বিতর্ক ও অধিনায়কত্ব নিয়ে ঘোর বিপদে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। ঠিক সেই সময় দীর্ঘদিনের সতীর্থ মাইক হাসিকে পাশে পাচ্ছেন পন্টিং। প্রয়োজনে পন্টিংকে শত ভাগ সমর্থন দিতেও রাজি আছেন হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিতর্ক ও অধিনায়কত্ব নিয়ে ঘোর বিপদে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। ঠিক সেই সময় দীর্ঘদিনের সতীর্থ মাইক হাসিকে পাশে পাচ্ছেন পন্টিং। প্রয়োজনে পন্টিংকে শত ভাগ সমর্থন দিতেও রাজি আছেন হাসি। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের একটি খবর ঝড় তুলেছে ক্রিকেটবোদ্ধাদের চায়ের কাপে। খবরটি হলো নির্বাচকরা সামনের মাসে বাংলাদেশে সফরের জন্য পন্টিংকে দলপতি ঘোষণা করেছে বটে, তবে শেষ পর্যন্ত তাকে অধিনায়কের দায়িত্বে রাখা হবে কিনা, তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সদস্যরা আলোচনায় বসবেন। নাম প্রকাশে অনিচ্ছুক অস্ট্রেলিয়ার এক বোর্ড সদস্যের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় লেখা হয়, "আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে, এখন একটা পরিবর্তন দরকার।" চোটের কারণে বাদ পড়া মাইক হাসি ভাগ্য পরিক্রমায় আবারো বিশ্বকাপ দলে ফিরেছেন। সেই হাসি কথা বলছেন দলনেতার পক্ষে, "আমি মনে করছি সেই পদটির (অধিনায়কত্ব) জন্য পন্টিংই সেরা। অনেকদিন থেকেই তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। শুধু আমি নই, পুরো দলই তার পাশে আছে।" বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী পন্টিং রানের মধ্যে নেই বেশ কিছুদিন ধরে। বিশ্বকাপের ছয় খেলায় ২০ দশমিক ৪ গড়ে রান করেছেন ১০২। কিন্তু সবকিছু ছাপিয়ে বিশ্বকাপে তার আচরণের কারণে সমালোচকদের আলোচনার বিষয় হয়ে উঠেছেন পন্টিং। জিম্বাবুয়ের বিপক্ষে রান-আউট হওয়ার পর সাজঘরে ফিরে ব্যাট দিয়ে টিভি সেট ভাঙ্গা, কানাডার বিপক্ষে একটি ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে ধাক্কা খাওয়ার পর রাগ করা এবং পাকিন্তানের বিপক্ষে তার ব্যাট ছুঁয়ে বল উইকেটরক্ষকের হাতে জমা পড়ার পরও অ্যাম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা, সব কিছুই পন্টিংয়ের বিপক্ষে যাচ্ছে। কিন্তু হাসি বলছেন, ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে পন্টিং রানের মধ্যে ফিরে আসবেনই। "এটা সত্যি দুঃখজনক যে সমালোচকরা তার পেছনে লেগেছেন। আমি গভীর আগ্রহ নিয়ে নেটে তার অনুশীলন দেখেছি। ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ব্যাট দিয়েই তিনি সবার মুখ বন্ধ করবেন",বলেন হাসি। ভারত বৃহস্পতিবার আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭৪২ ঘ.