ভারত প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে যে টার্গেট দিয়েছে, তা খুব বড় বলা যাবে না। তাদের যে বিশাল ব্যাটিং বহর, টার্গেটটা আরেকটু সবল করা যেত।
তবে এ টার্গেটও যে খুব একটা ছোট না, তা প্রমাণ করেছেন ভারতীয় স্পিনাররা। তাদের ঘুর্ণী যাদুতে একবারেই কোণঠাসা হয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। তাই হাতের নাগালে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তারা। ভারতের স্পিন অ্যাটাকের বিপক্ষে অবশ্য জেতা কঠিন কাজ।
রবীচন্দ্রন অশ্বিনকে দেখে অনেক বেশি উজ্জিবীত মনে হয়েছে। তাকে নিয়মিত খেলানো উচিত।
যদিও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করেছিলেন। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাই দারুণ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানরা একটু দেখেশুনে খেললে জয় পাওয়াটা অসম্ভব কিছু ছিল না।
এদিন অবশ্য ভারতের ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেননি। যুবরাজ সিং ও বিরাট কোহলি ছিলেন একটু ব্যতিক্রম।
ওয়েস্ট ইন্ডিজ বোলার রবি রামপল অসাধারণ বল করেছেন। মূলত তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই ভারতকে ২৬৮ রানে আটকে রাখা সম্ভব হয়েছে।
আসলে ভারত পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান করতে পারছে না। তাই ইনিংসটা আরো বড় করা সম্ভব হয়নি।
জিম্বাবুয়ে ও কেনিয়া ম্যাচ
শক্তির বিচারে জিম্বাবুয়ে যে এগিয়ে আছে, মাঠেও তার প্রমাণ দিয়েছে তারা। আশা করেছিলাম কেনিয়া এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ কিছুটা লড়াই করবে, কিন্তু পারেনি।
জিম্বাবুয়ে অবশ্য শুরুতে ব্যাট করতে নেমে কেনিয়র সামনে পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছে। যা টপকানো কেনিয়ার মতো দলের পক্ষে অসম্ভব কাজ। তা পারেওনি কেনিয়া।
আসলে বড় টার্গেটের চাপটা নিতে পারেনি কেনিয়া। তাই অনেকটা হুড়মুড়ে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন। এ বিপর্যয়ে কেউ পারেনি প্রতিরোধ গড়তে।
জিম্বাবুয়ের প্রত্যেক খেলোয়াড় এ ম্যাচে যেমনটি ব্যাট হাতে সফলতা দেখিয়েছেন, তেমনি বল হাতেও উজ্জ্বল ছিলেন। কেউ অনেক ভালো খেলেছেন বা কেউ অনেক খারাপ খেলেছেন তা বলা যাবে না।
আসলে জিম্বাবুয়ে একটা দল হিসেবে খেলেছে এদিন যা কেনিয়ার খেলায় ন্যূনতমও দেখা যায়নি। তাই বাজেভাবে হেরে বিশ্বাকাপ থেকে বিদায় নিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩০০ ঘ.
bdnews24