২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে ভালো খেলতে হবে: সাকিব

শেষ আটে জায়গা করে নেয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ আটে জায়গা করে নেয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, "জয়ের ধারায় আছি বলেই দক্ষিণ আফ্রিকাকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছি।" তারপরও দক্ষিণ আফ্রিকাকে সমীহের চোখে দেখছেন তিনি। বলেন, "শিরোপা জেতার সামর্থ্য দলটির আছে। স্বাভাবিকভাবে দেখলে তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু একদিনের ক্রিকেট একটা নির্দিষ্ট দিনের খেলা। ওই দিন যে দল ভালো খেলবে সে দলই জিতবে।" উইকেটে থেকে বাড়তি কোনো সুবিধা পাবেন কিনা? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, "উইকেট থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই সমান সুবিধা পাবে। তাদের পেস ও স্পিন, উভয় আক্রমণই শক্তিশালী। আমার মনে হয় না এই উইকেটে খেলতে তাদের কোনো অসুবিধা হবে।" এছাড়া দক্ষিণ আফ্রিকা দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছেন উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, তাদের বিপক্ষে জিততে হলে সবাইকে ভালো খেলতে হবে। এক কিংবা দু'জন ভালো খেলে তাদের সঙ্গে জেতা সম্ভব নয়। বিশ্বকাপে নিজের খেলা নিয়ে সাকিব বলেন, "আমার বোলিংয়ে কয়েকটি জায়গায় উন্নতি করা প্রয়োজন। আমি কঠোর অনুশীলন করছি। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরো ভালো বল করতে পারবো।" ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ খেলা নিয়ে সাকিব বলেন, "খেলাটি নিয়ে আমরা খুব একটা ভাবিনি। ওয়েস্ট ইন্ডিজ জিতলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু সেটা বড় কোনো বিষয় নয়। সুযোগ এখনো আমাদের হাতেই আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবো।" এবারের বিশ্বকাপে তিনটি খেলায় জিতেছে বাংলাদেশ। তবে স্কোরবোর্ডে বড় রান জমা করতে পরেনি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের উইকেটে বড় রান করা একটু কঠিন। ভারত ছাড়া এখানে আর কোনো দলই বড় রান করতে পারেনি। শতক হাঁকিয়েছেন কেবল ভারতের বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশ সম্পর্কে কিছুই বলেননি অধিনায়ক। বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে খেলার দিন সকালে। শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়। এই খেলাকে সামনে রেখে শুক্রবার শের-ই-বাংলায় কঠোর অনুশীলন করে বাংলাদেশ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৭ ঘ.