২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠলো শেষ আটের লড়াই

ঘাটে এসে তরী ডুবলো ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত ১৮ রানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা শুধু বাঁচিয়েই রাখেনি ইংল্যান্ড, জমিয়ে দিয়েছে শেষ আটের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘাটে এসে তরী ডুবলো ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত ১৮ রানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা শুধু বাঁচিয়েই রাখেনি ইংল্যান্ড, জমিয়ে দিয়েছে শেষ আটের লড়াই। ইংল্যান্ডের জয়ের ফলে বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য এখন মেলাতে হবে অনেক হিসেব-নিকেশ। এ জন্য দক্ষিণ আফ্রিকাকে হারানো ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে নিজেদের শেষ খেলায় জিতলে ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ আটে। আর যদি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তাহলে নিট রান রেটে যে দল এগিয়ে থাকবে, সেই দলই কোয়ার্টার ফাইনালে জায়াগা করে নেবে। সেই সঙ্গে ভারত উঠে যাবে শেষ আটে। আবার বাংলাদেশ ও ভারত, দু'দলই হারলে ভারত উঠে যাবে শেষ আটে। আর বাংলাদেশ জিতলে ও ভারত হারলে, তখন নিট রান রেটের হিসেব নিকেশ হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। রান রেটে এগিয়ে থাকা দল উঠে যাবে শেষ আটে। 'বি' গ্র"প থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। পাঁচ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে চতুর্থ স্থানে। সমান খেলায় তালিকার পঞ্চম দল বাংলাদেশেরও পয়েন্ট ৬। পাঁচ খেলায় ভারতের পয়েন্ট ৭ । চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। রান তাড়া করতে গিয়ে ৪৪ ওভার ৪ বলে ২২৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কিয়েরন পোলার্ডের (২৪) বিদায়ের পর জয়ের পাল্লা হেলে যায় ইংল্যান্ডের দিকে। কিন্তু রামনরেশ সারোয়ান ও আন্দ্রে রাসেল ৭২ রানের জুটি গড়ে তুললে পাল্লা ঘুরে যায় ওয়েস্ট ইন্ডিজের দিকে। এ অবস্থায় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তৃতীয় স্পেলে জেমস ট্রেডওয়েলের হাতে বল তুলে দেন ৪০তম ওভারে। সেই ওভারে উইকেট না পেলেও ৪২তম ওভারে রাসেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে খেলার মোড় একেবারে পাল্টে দেন তিনি। রাসেল ৪৬ বলে দু'টি চার ও তিনটি ছক্কার সাহায্যে করেন ৪৯। তখন দলের রান ছিল ২২২। এরপর আঘাত হানেন গ্রায়েম সোয়ান। ৪৪ ওভারের প্রথম ও তৃতীয় বলে তিনি সাজঘরে ফেরত পাঠান সারোয়ান (৩১) ও কেমার রোচকে (০)। এর পরের ওভারেই রান-আউট হয়ে বিদায় নেন সুলেইমান বেন (২)। এর আগে ১১৮ রানের মধ্যে ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। ক্রিস গেইল ও অধিনায়ক ড্যারেন সামি ছাড়া আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। দলীয় ৫৮ রানের মাথায় প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যাওয়ার আগে গেইল করেন ৪৩। তিনি তার ২১ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও একটি ছক্কা দিয়ে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১১৩ রানের মাথায় বিদায় নেন সামি। তার ২৯ বলের ইনিংসে ২টি চার ও তিনটি ছক্কা রয়েছে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেডওয়েল ৪ উইকেট নেন ৪৮ রানে। ৩৬ রানে ৩ উইকেট নেন সোয়ান। এর আগে প্রথম ৫ ওভার ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট প্রায়র ও স্ট্রাউসকে রানের জন্য বেশ লড়াই করতে হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর। দশম ওভারে ৪৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান প্রায়র (২১)। এক ওভার পর প্রায়রের পথ ধরেন অধিনায়ক (৩১) নিজে। কিন্তু ততক্ষণে ইংল্যান্ড তুলে ফেলেছে ৭৯ রান। তবে ইংল্যান্ডের রানের চাকা থামেনি। সচল রাখেন জোনাথন ট্রট। ২২তম ওভারের শেষ বলে দলীয় ১২১ রানের মাথায় বিদায় নেন ট্রট। ৩৮ বল খেলে ৪৭ রান করেন তিনি। চার মারেন সাতটি। এরপর ওভার প্রতি রান তোলার গতি কমতে থাকে। ২৭তম ওভারে ১৩৪ রানের মাথায় ২৭ রান করে বিদায় নেন ইয়ান বেল। সেই সঙ্গে পথ হারিয়ে ফেলে ইংল্যান্ড। সপ্তম ব্যাটসম্যান লিউক রাইট ৪৪ ও নবম ব্যাটসম্যান টিম ব্রেসন্যান অপরাজিত ২০ রান করলে লড়াই করার মতো একটা পুঁজি পায় ইংল্যান্ড। দলটির ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে রাইট তার ৫৭ বলের ইনিংসটি সাজান পাঁচটি চার দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রাসেল ৪ উইকেট নেন ৪৯ রানে। প্রথম বারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে দেবেন্দ্র বিশু ৩ উইকেট নেন ৩৪ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৫০ ঘ.