২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের কল্যাণে আয়েসী জয়

শুরুতে বোলাররা নেদারল্যান্ডসকে স্বল্প স্কোরে বেঁধে ফেলে কাজটা সহজ করে দিয়েছিলেন। তাই বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপমুক্ত ক্রিকেট খেলে দলকে পৌঁছে দিতে পেরেছেন জয়ের বন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুতে বোলাররা নেদারল্যান্ডসকে স্বল্প স্কোরে বেঁধে ফেলে কাজটা সহজ করে দিয়েছিলেন। তাই বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপমুক্ত ক্রিকেট খেলে দলকে পৌঁছে দিতে পেরেছেন জয়ের বন্দরে। তামিম ইকবাল শুরুতেই ফিরে গেলেও ইমরুল কায়েস ও জোনায়েদ সিদ্দিকী দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে জয়ের পথটা মসৃণ করে দিয়েছেন। বিশেষ করে ইমরুল কায়েসের টানা দ্বিতীয় অর্ধশতক (অপারজিত ৭৩) কেবল তার ব্যক্তিগত রানের ঝুলিই সমৃদ্ধ করেনি, দলের জয়েও মূল্যবান অবদান রেখেছে। শাহরিয়ার নাফীসের ফেরাটা দলের জন্য অনেক দিক দিয়েই ভালো হয়েছে। তিনিও ৩৭ রান করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। দলের ব্যাটিং বিভাগ সমৃদ্ধ হয়েছে তাকে পেয়ে। এর আগে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে এক রকম নাস্তানাবুদ হয়েছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। এ দিন বাংলাদেশের ফিল্ডিংও অসাধারণ হয়েছে। চারজন ব্যাটসম্যানকে রান আউট করে টাইগাররা বুঝিয়ে দিয়েছে, কোনো ক্ষেত্রেই তারা পিছিয়ে নেই। বাংলাদেশ দলের শক্তির জায়গাটা বোলিং বিভাগ। বোলাররা প্রতি ম্যাচেই ধারবাহিকভাবে ভালো করছেন। তিন বাঁহাতি- আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও সোহরাওয়ার্দী শুভ ভালো বল করেছেন এদিন। পেসাররারও একেবারে খারাপ করেননি। শফিউল ইসলাম ও রুবেল হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে স্পিনাররা ভালোভাবে চেপে ধরতে পেরেছেন নেদারল্যান্ডসকে। আর স্বল্প রানের টার্গেটের কারণে পুরো ম্যাচে কখনোই বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি ডাচ বোলাররা। এক রকম আয়েসী ভঙ্গিতে ব্যাট করেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৬৫৩ ঘ.