২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে অস্ট্রেলিয়া

কেনিয়াকে ৬০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে বিশ্বকাপে টানা ৩৩ খেলায় অপরাজিত রইল অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনিয়াকে ৬০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে বিশ্বকাপে টানা ৩৩ খেলায় অপরাজিত রইল অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে তিন ব্যাটসম্যানের অর্ধ-শতকের সুবাদে ৬ উইকেটে ৩২৪ রান করে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে গিয়ে কলিন্স ওবুয়া ও তন্ময় মিশ্রর অর্ধ-শতকের পরও ৬ উইকেটে ২৬৪ রানে থেমে যায় কেনিয়ার পালা। ওবুয়া ৯৮ রানে অপরাজিত ছিলেন। বিশ্বকাপে এটিই তার সর্বোচ্চ রান। ১২৯ বল খেলে ৯ চার ও ৩ ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। এই ম্যাচে কেনিয়া হেরে গেলেও দলের ব্যাটসম্যানরা ছন্দে ফিরেছেন। এবারের বিশ্বকাপে নিজেদের ছায়া হয়ে থাকা ব্যাটসম্যানরা প্রায় সবাই এই ম্যাচে রান পেয়েছেন। অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানের মধ্যেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে কেনিয়া। এ অবস্থায় দলের হাল ধরে খেলতে থাকেন তন্ময় মিশ্র। কলিন্স ওবুয়াকে সঙ্গে নিয়ে ১৫৫ বলে ১১৫ রানের জুটি গড়ে তোলেন। এর মধ্যে ৭২ রানই আসে মিশ্রর ব্যাট থেকে। দলীয় ১৬১ রানে দূর্ভাগ্যজনক রান আউটের শিকার হন মিশ্র। ওয়াটসনের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত রান নেয়ার চেষ্টা করেন ওবুয়া। তবে বল ক্লার্কের হাতে গিয়ে পড়লে অন্য প্রান্তে থাকা মিশ্র জায়গায় পৌঁছানোর আগেই সরাসরি 'থ্রো' তে উইকেট ভেঙ্গে দেন ক্লার্ক। ৮৯ বল খেলে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৭২ রান করেন মিশ্র। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক। দ্রুত রান তুলতে থাকেন কলিন্স ওবুয়া ও টমাস ওদোয়। তারা ৭২ বলে ৮৬ রানের জুটি গড়ে তোলেন। ওদোয়র উইকেট উপড়ে নেন শন টেইট। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৫ রান করেন ওদোয়। এছাড়া আলেক্স ওবান্দা ১০ বলে ১৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন শন টেইট। এর আগে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দলীয় ৩৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনকে হারায়। নেহমিহ ওদিয়াম্বোর বল কাট করতে গেলে উইকেটরক্ষক মরিচ উমার হাতে ধরা পড়েন ওয়াটসন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করেন তিনি। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্রড হ্যাডিন অধিনায়ক রিকি পন্টিংকে সঙ্গী করে ১০৪ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। দলীয় ১২৭ রানে জিমি কামান্দেকে উড়িয়ে মারতে গেলে সীমানার কাছে রাকেপ প্যাটেলের তালুবন্দি হন হ্যাডিন। ৭৯ বলে খেলা তার ৬৫ রানের ইনিংসে চার ছিলো ৯টি ও ছক্কা ১টি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতে অধিনায়ক রিকি পন্টিংকে (৩৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কলিন্স ওবুয়া। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে কেনিয়ার রিভিউর পর পন্টিংকে আউট ঘোষণা করেন আম্বায়ার। মাইকেল ক্লার্ক ও মাইকেল হাসি দ্রুত রান তুলতে থাকেন। তারা ৯৭ বলে ১১৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। এর মধ্যেই ক্লার্ক বিশ্বকাপে তার ষষ্ঠ ও হাসি প্রথম অর্ধ-শতক তুলে নেন। দলীয় ২৫৭ রানে হাসি ওদিয়াম্বকে উড়িয়ে মারতে গেলে কিছুটা দৌড়ে এসে লং-অনে তার ক্যাচটি লুফে নেন ডেবিড ওবুয়া। ৪৩ বল খেলে ৪টি চারের সাহায্যে ৫৪ রান করেন তিনি। তবে রান তোলার গতি তাতে থামেনি। কেনিয়ার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ক্লার্ক। মাত্র ৭ রানের জন্য শতক বঞ্চিত হন তিনি। ৮০ বলে ৭ চার ও ১ ছক্কার সাহায্যে ৯৩ রান করেন ক্লার্ক। স্টিভেন স্মিথ ১৭ ও মিশেল জনসন ১২ রানে অপরাজিত ছিলেন। কেনিয়ার পক্ষে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেহমিহ ওদিয়াম্ব। এছাড়া জিমি কামান্দে নেন ২ উইকেট। জিমি দেন ৪৬ রান। এর আগে মোট ৪ বার খেলেছে অস্ট্রেলিয়া ও কেনিয়া। দুবার বিশ্বকাপে। সবকটি খেলাতেই কেনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে এ গ্র"পে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে। অন্যদিকে ৫ খেলার সবগুলোতেই হেরে তালিকায় সপ্তম স্থানে কেনিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৫০ ঘ.