২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সহজ জয়

শেষ পর্যন্ত সহজেই আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ২৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত সহজেই আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ২৪ বল। ব্যাঙ্গালোরে বিশ্বকাপ ক্রিকেটের ২২তম খেলায় টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের অর্ধশতকের পরও ৪৭ ওভার ৫ বলে ২০৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের অর্ধশতকের সুবাদে ৪৬ ওভারে জয়ের লক্ষ্য ২০৮ টপকে ২১০ রানে পৌঁছে যায় ভারত। তখনো হাতে ছিল ৫ উইকেট। রান তাড়া করতে গিয়ে ২৪ রানের মধ্যে মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ছাড়াও গৌতম গম্ভির সাজঘরে ফিরে গেলে বড় ধরনের হোঁচট খায় ভারত। এ অবস্থায় ইনিংসের লাগাম হাতে তুলে নেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন তারা। দলীয় ৮৭ রানের মাথায় জর্জ ডকরেলের বল সুইপ করতে গিয়ে ব্যাট-বলে এক করতে পারেননি শচীন। বল আঘাত হানে তার পায়ে। আম্পায়ার আঙ্গুল তুললে বিদায় নিতে হয় তাকে। তার ৫৬ বলের ইনিংসে চার রয়েছে ৪টি। দলের সঙ্গে আর ১৩ রান যোগ হতেই দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন বিরাট কোহলি (৩৪)। তখন দলের রান ছিল ১০০। এ অবস্থায় আবার ইনিংস মেরামতের কাজে নামেন যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম উইকেট জুটিতে ৬৭ রান তুলে ইনিংস মেরামতের কাজটা বেশ ভালোভাবেই করেন তারা। সেই সঙ্গে দলকে জয়ের পথে এগিয়ে নেন অনেকখানি। দলীয় ১৬৭ রানের মাথায় ডকরেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ধোনি। ৫০ বলে ৩৪ রান করেন তিনি দু'টি চারের সাহায্যে। এরপর আর হোঁচট খেতে হয়নি ভারতকে। বরং ব্যাট হাতে মাঠে নেমেই ইউসুফ পাঠান দু'টি ছক্কা ও একটি চার মেরে দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থাকেন যুবরাজ। আর অন্য প্রান্তে ৩০ রানে অপরাজিত ছিলেন ইউসুফ। যুবরাজের হার না মানা ৭৫ বলের ইনিংসে চার রয়েছে তিনটি। আর ইউসুফের ২৪ বলের ইনিংসে চার রয়েছে দু'টি ও ছক্কা তিনটি। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ট্রেন্ট জনস্টোন ও ডকরেল। এ জন্য জনস্টোন দেন ১৬ রান। ডকরেল ৪৯। এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানের মধ্যে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে খাদে পড়ে যায় আয়ারল্যান্ড। এ অবস্থায় হাল ধরেন পোর্টারফিল্ড ও নিল ও'ব্রায়ান। তারা প্রাথমিক বিপর্যয় শুধু সামালই দেননি, ওভার প্রতি রান তোলার গতিও বাড়ান। তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন ১১৩ রান। দলীয় ১২২ রানের মাথায় দ্রুত ১ রান নিতে গিয়ে তার মাসুল দেন নিল। পোর্টারফিল্ড কভারে বল ঠেলে দিয়েই রান নেয়ার চেষ্টা করেন। কিন্তু বিরাট কোহলি বল ধরেই তার চেয়ে দ্রুত ছুঁড়ে দেন উইকেটরক্ষক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। নিলের জায়গায় পৌঁছানোর আগেই তার উইকেট ভেঙে দেন ধোনি। ৭৮ বল খেলে নিল করেন ৪৬ রান। চার মারেন ৩টি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১৬০ রানের মাথায় যুবরাজের বলে হরভজন সিংয়ের হাতে ধরা পড়ার আগে পোর্টারফিল্ড করেন ৭৫। তার ১০৪ বলের ইনিংসে চার রয়েছে ৬টি ও ছক্কা একটি। যদিও শুরুতে একবার জীবন পেয়েছিলেন তিনি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিলের বিদায়ের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ১২২ থেকে ২০৭, এই ৮৫ রানের মধ্যে সাজঘরে ফিরে যান সাত ব্যাটসম্যান। তাদের মধ্যে দুই অঙ্কের ঘরে পা রাখতে পেরেছেন কেবল দুই ব্যাটসম্যান। অ্যালেক্স কুস্যাক ২৪ ও জনস্টন ১৭ রান করেন। আগের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতক (৫০ বলে ১০০ রান) হাঁকালেও এই খেলায় সুবিধা করতে পারেননি কেভিন ও'ব্রায়ান। মাত্র ৯ রান করে যুবরাজের বলে অত্যন্ত সহজ ক্যাচ তুলে দেন তারই হাতে। ভারতের বোলারদের মধ্যে যুবরাজ ৫ উইকেট নেন ৩১ রানে। ৩০ রানে ৩ উইকেট নেন জহির খান। এই খেলায় জেতায় ভারত উঠে গেল 'বি' গ্র"পের শীর্ষে। তাদের পয়েন্ট তিন খেলায় ৫। এর আগে ভারত জিতেছে বাংলাদেশের বিপক্ষে। টাই করেছে ইংল্যান্ডের সঙ্গে। আর আয়ারল্যান্ডের ২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এর আগে আয়ারল্যান্ড জিতেছে ইংল্যান্ডের সঙ্গে। হেরেছে বাংলাদেশের কাছে। তিন খেলায় বাংলাদেশের পয়েন্ট ২ হলেও নিট রান রেটে আয়ারল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকায় আছে ৬ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১১ ঘ.