ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ খেলায় রোববার ৬ রানের স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বল খেলে সব উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৭ ওভার ৪ বল খেলে ১৬৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন দ.আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও গ্রায়েম স্মিথ। দু'জনে মিলে ৬৩ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন।
স্মিথ ৪১ বলে ২২ রান করে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। বোলার গ্রায়েম সোয়ান।
দলীয় সংগ্রহে আর ১২ রান যোগ হতে আমলাও সাজঘরের পথ ধরেন। স্টুয়ার্ট ব্রডের বল তার উইকেট উপড়ে নেয়।
ব্রডের দ্বিতীয় শিকার জ্যাক ক্যালিস (১৫)। দলীয় রান তখন ৮২।
এবি ডি ভিলিয়ার্স ও ফাফ প্লেসিস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেন দ.আফ্রিকার ব্যাটসম্যানরা। দলীয় ১২৪ রানে পরপর তিন উইকেট হারিয়ে বসে তারা। ( ভিলিয়ার্স ২৫, প্লেসিস ১৭ ও জেপি ডুমিনি ০)।
দলের সংগ্রহে ৩ রান যোগ হওয়ার পর রবিন পিটারসেন (৩) ফিরে গেলে ১২৭ রানে ৭ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে জয়ের স্বপ্নও ফিকে হতে থাকে।
ডেল স্টেইনের ২০ রান ম্যাচের উত্তেজনা ফিরিয়ে আনলেও দলের হার বাঁচাতে পারেননি। এছাড়া মর্নে ভ্যান উইক ১৩ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসন নেন ২ উইকেট। এজন্য তিনি দেন ১৬ রান।
এর আগে চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ১৫ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস (০) ও কেভিন পিটারসেন (২) ছাড়াও ইয়ান বেলকে (৫) হারিয়ে বসে ইংল্যান্ড।
এ অবস্থায় দলের হাল ধরে খেলে যেতে থাকেন জনাথন ট্রট ও রবি বোপারা। দু'জনে মিলে ১৫১ বলে ৯৯ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।
দলীয় ১১৪ রানে ইমরান তাহিরের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ট্রট। ৯৪ বল খেলে ৩ চারের সাহায্যে ৫২ রান করেন তিনি।
দলীয় সর্বোচ্চ ৬০ রান করে মর্কেলের বলে এলবিডব্লিউ হয়ে যান বোপারা।
পরের ব্যাটম্যানরা আর কেউই ভালো খেলেননি। ম্যাট প্রায়র (১০) ও গ্রায়েম সোয়ান (১৬) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এবারের বিশ্বকাপে ৩ খেলায় ১১ উইকেট নিয়ে শীর্ষে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির (১৪) ঠিক পেছনেই আছেন তিনি। এছাড়া রবিন পিটারসেন ৩টি ও মরনে মর্কেল ২টি উইকেট নেন। এজন্য পিটারসেন দেন ২২ রান। মর্কেল দেন ১৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০২ ঘ.
bdnews24