ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পর সমর্থকরাও ভুল পথে হাঁটলেন! ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে খেলোয়াড়দের বহনকারী গাড়িতে ঢিল ছুড়লেন তারা।
শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শেষে মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও র্যাব এ ঘটনায় ৩৮ জনকে আটক করেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বহনকারী বাসের সামনেই ছিল ওয়েস্ট ইন্ডিজদলের খেলোয়াড়দের গাড়ি। বাংলাদেশের ক্ষুব্ধ সমর্থকদের ছোড়া ঢিল গিয়ে লাগে সামনের বাসের কাচে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি বিক্ষিপ্ত ঘটনা।
"ঢিল ছোড়ার বিষয়টি বিক্ষিপ্ত ঘটনা। এরই মধ্যে পুলিশ ও র্যাবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেছি।"
বিকেল চারটার দিকে বাংলাদেশের অষ্টম উইকেটের পতনের পর থেকে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ক্ষোভে তাদের সমর্থন বদলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাহাবা দিতে শুরু করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব যখন কথা বলছিলেন, তখনও গ্যালারি থেকে দুয়ো ধ্বনি দেওয়া হচ্ছিলো।
৩৮ সমর্থক আটক
ঢিল ছোড়ার ঘটনায় ২৮ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। এছাড়া র্যাবও আলাদাভাবে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ চৌধুরী বলেন, সন্ধ্যার পর রাস্তার আশেপাশে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "খেলা শেষে যাওয়ার সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের বহনকারী বাসে একটি ঢিল এসে লাগে। এ ঘটনায় আমরা ২৮ জনকে আটক করেছি।"
তিনি বলেন, "বাংলাদেশি খেলোয়াড়দের গাড়ি মনে করে ওই ঢিল ছোড়া হয়েছিলো বলে আটককৃতরা জানিয়েছে। কিন্তু সেটা যে ওয়েস্ট ইন্ডিজ দলের গাড়ি, সেটা তারা বুঝতে পারেনি।"
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মো. সোহায়েল জানান, গোলচত্বরের আশপাশ থেকে ১০ জনকে আটক করেছেন তারা।
সাকিবদের বাড়িতে ঢিল
মাগুরা শহরের কেশবমুর এলাকায় রাত ৮টার দিকে সাকিবের বাড়িতে একদল যুবক ইট-পাটকেল ছোড়ে। মোটর সাইকেলে চড়ে আসা ওই যুবকদের ছোড়া ঢিলে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
সাকিবের বাবা মাশরুর রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সে সময় বাসায় ছিলাম না। বাসায় ছিল সাকিবের মা (শিরিন রেজা) আর বোন (ঋতু রেজা)। আমি এসে দেখি বাড়ির দ্বিতীয় তলায় সাকিবের ঘরসহ কয়েকটি ঘরের জানালার কাচ ভেঙে গেছে।"
ওই ঘটনার পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
সমর্থকদের বিক্ষোভ
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শত শত সমর্থক ক্ষোভে ফেটে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাস্তায় কাগজ জড়ো করে আগুন লাগিয়ে দেয় কয়েকজন বিক্ষুব্ধ সমর্থক। একটি দল জুতা নিয়ে মিছিল শুরু করে।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউএম/টিআর/এএল/জেকে/২৩১৯ ঘ.
bdnews24