মাগুরা ৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরের কেশবমুর এলাকায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইট-পাটকেল ছুড়েছে একদল যুবক।
শুক্রবার ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে ৯ উইকেটে পরাজয়ের পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক মোটর সাইকেলে চড়ে সাকিবদের বাড়ির সামনে এসে ঢিল ছুড়তে শুরু করে। তাদের ছোড়া ইটের আঘাতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
সাকিবের বাবা মাশরুর রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সে সময় বাসায় ছিলাম না। বাসায় ছিল সাকিবের মা (শিরিন রেজা) আর বোন (ঋতু রেজা)। আমি এসে দেখি বাড়ির দ্বিতীয় তলায় সাকিবের ঘরসহ কয়েকটি ঘরের জানালার কাচ ভেঙে গেছে।"
তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সাকিব আল হাসানের বাড়ির সামনে রয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারাও বিষয়টি খতিয়ে দেখছেন।
শুক্রবার বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় সমর্থকরা। বিকেলে খেলা শেষ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জুতা নিয়ে মিছিল বের করে একদল সমর্থক।
তারা রাস্তায় কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৫৪ ঘ.
bdnews24