২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আইসিসির লোগো-মাসকট নিয়ে ব্যবসায়িক প্রচার নয়'

আইসিসি'র লোগো ও মাসকট ব্যবহার করে কোনো ধরণের বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন প্রদর্শন না করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি'র লোগো ও মাসকট ব্যবহার করে কোনো ধরণের বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন প্রদর্শন না করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে বিসিবি। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে এ অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে বিসিবির পরিচালক দেওয়ান শরিফুল আরেফীন টুটুল বলেন, সফল বিশ্বকাপ আয়োজনের সঙ্গে ভবিষ্যতে অন্য বড় ক্রিকেট আসর আয়োজনের বিষয়টি জড়িত। তাই আশাকরি কেউ অজ্ঞতাবশত বা স্বল্প ব্যবসার জন্য দেশের ক্ষতি করবেন না। আইসিসি'র আইন বিষয়ক বিভাগের কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছেন জানিয়ে টুটুল বলেন, তারা কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। এধরণের বিজ্ঞাপন চিহ্নিত করে আমাদের জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা অপসারণ করা হবে। ইতিমধ্যে ঢাকায় এ ধরণের ২০-২৫ টি বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামেও কিছু বিলবোর্ড দেখেছি। অনেকে না জেনে করছেন। আশাকরি তারা এসব বিজ্ঞাপন অবিলম্বে নামিয়ে ফেলবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বিশ্বকাপের বাংলাদেশের দুটি খেলা হবে। এর মধ্যে ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৪ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 'মিট দ্যা প্রেসে' খেলা অনুষ্ঠানের সময় দর্শকদের করণীয়, গাড়ি পার্কিং ও অ্যামবুশ মার্কেটিং বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন টুটুল। এ ছাড়া আগামী ৯ ও ১০ মার্চ চট্টগ্রামের দুটি ম্যাচের ভেন্যু টিকিট দেওয়া হবে বলে বিসিবি পরিচালক জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দিন মো. আলমগীর, বাংলাদেশের হোস্ট ডিরেক্টর আলী হাসান বাবু, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৫৪ ঘ.