ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনলাইনে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার নক-আউট পর্বের টিকেট বিক্রি করা হবে লটারির মাধ্যমে।
একই সঙ্গে ১ কোটি লোক চূড়ান্ত খেলার টিকেট কেনার চেষ্টা করায় আইসিসির টিকেট বিক্রি সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠান Kyazoonga.com সোমবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর এই সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইন লটারির বিস্তারিত নিয়মাবলী ও দিনক্ষণ ঠিক করার ব্যাপারে সংগঠকরা এখন আলাপ-আলোচনা করছেন। খেলা দেখতে আগ্রহীরা প্রথমে ব্যালটের মাধ্যমে তাদের নাম দাখিল করবেন। এরপর লটারি করা হবে।
এই প্রথম উপমহাদেশে কোনো ক্রীড়া প্রতিযোগিতার টিকেট অনলাইন লটারির মাধ্যমে বিক্রি করা হবে।
সংগঠকরা বলছেন, বিশ্বকাপের মতো বড় কোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রচুর চাহিদা থাকায় এভাবে টিকেট বিক্রি মোটেও নতুন নয়, বরং টিকেট বিক্রি করা হয়ে থাকে এভাবেই। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের টিকেটও বিক্রি করা হচ্ছে লটারি করে, যা শুরু হয়েছে ১৫ মার্চ। লটারিতে বিজয়ীরা টিকেট পাবেন দু'টি করে।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার পরিচালক রত্নাকর শেঠী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, লটারির মাধ্যমে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়ায় বেশি লোক টিকেট কেনার সুযোগ পাবেন।
এদিকে কায়াজুংগা জানিয়েছে, প্রতিযোগিতার শুরুতেই লটারির মাধ্যমে টিকেট বিক্রির পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তখন তা প্রত্যাখ্যান করা হয়।
চূড়ান্ত খেলা হবে ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৩ হাজার। এর মধ্যে চার হাজার টিকেট দর্শকের কাছে বিক্রি করার কথা, যার এক হাজার বিক্রির কথা অনলাইনে। বাকি তিন হাজার খেলার দিন স্টেডিয়াম থেকে বিক্রি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24