ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ খেলায় কেনিয়াকে ৩১৮ রানের জয়ের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে চার ব্যাটসম্যানের অর্ধ-শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে পাকিস্তান করেছে ৩১৭ রান।
অর্ধ-শতক পেয়েছেন উমর আকমল,মিসবাহ উল হক, ইউনুস খান ও কামরান আকমল। এর আগে বিশ্বকাপের কোনো খেলায় এক ইনিংসে চারটি অর্ধ-শতক হয়নি।
শ্রীলঙ্কার হাম্মানটোটায় প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (৯) ও আজমল শেহজাদকে (১) হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের রানের ভিত্তি গড়ার দায়িত্ব নেন কামরান আকমল। সঙ্গী ইউনুস খান। দু'জনে মিলে ১০৭ বলে ৯৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।
দলীয় ১১০ রানের মাথায় ফিরে যান আকমল। শেম গোচির বল ঠিকমতো বুঝতে পারেননি তিনি। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক মরিচ উমার হাতে। কামরানের জায়গায় ফেরার আগে তার স্ট্যাম্প ভেঙ্গে দেন মরিচ। ৬৭ বলে ৫৫ রান করার পথে আকমল পাঁচটি চার মারেন।
খেলে যেতে ইউনুস। স্টিভ টিকোলোর পঞ্চম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে অর্ধ-শতকে পৌঁছান তিনি। তবে পরের বলেই তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিকোলো। দু'টি চারের সহায়তায় ৬৭ বলে ৫০ রান করেন ইউনুস।
দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন সহ অধিনায়ক মিসবাহ উল হক। উমর আকমলকে সঙ্গী করে কেনিয়ার বোলারদের উপর চড়াও হন তিনি। বিশেষ করে উমর। দু'জনে মিলে ৯৯ বলে ১১৮ রানের জুটি গড়েন।
৬৫ রানে থাকা মিসবাহ জিমি কামান্দাকে উড়িয়ে মারতে গেলে বাউন্ডারি লাইনের কাছে ওটিয়ানোর হাতে ধরা পড়েন তিনি। ৬৯ বলে খেলা এই ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা হাঁকান।
তবে ব্যাটিং তান্ডব চালিয়ে যেতে থাকেন উমর ও অধিনায়ক শহিদ আফ্রিদি।
শেষ পর্যন্ত ৫২ বলে ৭১ রান করে লং অনে ওবুয়ার ক্যাচে পরিণত হন উমর। তিনি ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান।
কেনিয়ার টমাস ওদোয়ো ৩ উইকেট নেন ৪১ রানে।
এই খেলায় কেনিয়া ৪৬টি অতিরিক্ত রান দিয়েছে।
এর আগে কেনিয়ার বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলে পাকিস্তান। কোনো খেলায় জিততে পারেনি কেনিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৫১ ঘ.
bdnews24