নেদারল্যান্ডস ব্যাটিংয়ে যতটা ভালো করেছে, ঠিক ততটাই যদি বোলিংয়ে প্রাধান্য দেখাতে পারতো- তাহলে হয়ত ফল অন্য রকম হতো। তবে তারা প্রশংসা পেতে পারে এ জন্য যে, ইংল্যান্ড ভীতে দারুণভাবে নাড়া দিতে পেরেছে নেদারল্যান্ডস।
আরো কিছু রান করতে পারলে হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতা হতো খেলাটি।
তারপরও আমি বলব, অসাধারণ খেলেছে নেদারল্যান্ডস।
অবশ্য এ উইকেটে বোলারদের তেমন কিছু করণীয় ছিল না। তারপরও ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে নেদারল্যান্ডস ব্যাটসম্যানরা যা খেলেছে তা আমাকেও অবাক করে দিয়েছে।
প্রশংসা পেতে পারেন নেদারল্যান্ডস ব্যাটসম্যান রায়ান টেন ডয়েশ্চে। তার সেঞ্চুরির কল্যাণেই মূলত হল্যান্ড একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে। তাই খেলাটিও এতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।
ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে এতো ভালো খেলার কারণ হচ্ছে, সাতজন নেদারল্যান্ডস খেলোয়াড় কাউন্টি ক্রিকেটে খেলেন। যে কারণে তারা ভালোভাবে জানেও ইংলিশদের।
তাছাড়া নেদারল্যান্ডস পেস বলও খুব ভালো খেলে থাকে। ইংল্যান্ড আরো দু'একজন স্পিনার নিতে পারত দলে। কারণ তারা উপমহাদেশের মাটিতে খেলছে।
ইংল্যান্ড শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতেছে- তা বলা যায় অভিজ্ঞতারই জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩৩৪ ঘ.
bdnews24