ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ৫ম ম্যাচে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড।
নাগপুরে বাংলাদেশ সময় দুপুর ৩টায় খেলা শুরু হবে।
অ্যাশেজ জয়ের পর আকাশে উড়তে থাকা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে একদিনের সিরিজ হেরে যায়। তাছাড়া দলে চোট সমস্যাও রয়েছে।
তারপরেও নেদারল্যান্ডসের বিপক্ষে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সামর্থ্যরে প্রমাণ রেখেছে দলটি।
ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, অস্ট্রেলিয়ার ওই সিরিজ এখন অতীত। আমাদের বিশ্বকাপ অভিযানে কোনো প্রভাব ফেলবে না ওই হার।
২০০৯ এর লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের কারণেই হোক আর দশম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ বলেই হোক বেশ সতর্ক ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
ওই পরাজয়ের পর কোচ-অধিনায়ক উভয় পদেই পরিবর্তন আনে ইংল্যান্ড। টেস্ট, একদিনের ও টি-টোয়েন্টি দলেও পরিবর্তন আসে ।
ওই হার ছিলো ইংল্যান্ডের জন্য একটা বড় ধাক্কা। এরপর থেকে একের পর এক সিরিজ জিতে চলেছে ইংল্যান্ড।
অনেক দিন পর এই ম্যাচে পূর্ণ শক্তির বোলিং লাইনআপ পাচ্ছে ইংল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড। সঙ্গে আছেন জিমি অ্যান্ডারসন ও টিম ব্রেসনান।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন জোনাথান ট্রট, অ্যান্ড্রু স্ট্রাউস। এ ম্যাচে ইংল্যান্ডের পক্ষে উদ্বোধন করতে নামবেন কেভিন পিটারসেন।
নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টির ওই জয়কে প্রেরণা হিসেবে দেখছে নেদারল্যান্ডস।
"দলের সবাই ওই ম্যাচের কথা বলছে, আমরা জানি সেটা ছিলো আরও সংক্ষিপ্ত পরিসরে। সেবার হলে এবার কেনো হতে পারে না।" বলেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন।
রায়ান টেন ডয়েশ্চে, টম ডি গ্রোথ, বাস জুইডেরেন্ট এর মতো ক্রিকেটার রয়েছে দলে। আরেকটা অঘটনের স্বপ্ন তো দেখতেই পারেন বোরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২০৯ ঘ.
bdnews24