২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের টিকেট: ওয়েবসাইট চালু হয়েই নিষ্ক্রিয়

চালু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিকেটপ্রেমীদের চাপে নিষ্ক্রিয় হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের টিকেট বিক্রির ওয়েবসাইটটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

মুম্বাই, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিকেটপ্রেমীদের চাপে নিষ্ক্রিয় হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের টিকেট বিক্রির ওয়েবসাইটটি। সোমবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ওয়েবসাইটটিতে (Kyazoonga.com) টিকেট বিক্রি শুরু করে আইসিসির টিকেট সহযোগী প্রতিষ্ঠান কিয়াযুংগা। ওয়েবসাইটটিতে এপ্রিলের ২ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের একক হাজার টিকেট বিক্রি করার কথা। কিয়াযুংগা তার ফেসবুক পৃষ্ঠায় এক বার্তায় বলেছে, "ওয়েবসাইটে কোটি কোটি হিট পড়ছে। ওয়েবসাইটে প্রবেশ করতে কেউ কেউ সমস্যায় পড়তে পারেন।" ক্রিকেটপ্রেমীদের টিকেট পেতে ধৈর্য ধরারও অনুরোধ জানানো হয় ওই বার্তায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৩ হাজার। এর মধ্যে চার হাজার সাধারণ ক্রিকেট-দর্শকের কাছে বিক্রি করা হচ্ছে যার এক হাজার অনলাইনে; বাকি তিন হাজার খেলার দিন স্টেডিয়ামে বিক্রি হবে। বাকি ২৯ হাজার টিকেট আইসিসি এবং মুম্বাই ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্লাবকে বিতরণ করা হয়েছে। টিকেট কিনতে ওয়েবসাইটে লগ অন করতে না পেরে অনেকে ইয়াহুকে অভিযোগ করেছেন বলে জানায় ইয়াহুর নাম প্রকাশের অনিচ্ছুক এক সূত্র। জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর ওয়েবসাইটে টিকেট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল কিয়াযুংগা। ফেসবুক পৃষ্ঠায় কিয়াযুংগাকে বাক্যবাণে জর্জরিত করেছেন ক্রিকেটপ্রেমীরা। আক্রমণাত্মক অনেক মন্তব্য ওই পৃষ্ঠা থেকে সরিয়ে নিতে বাধ্য হন পৃষ্ঠাটির মডারেটররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১২৭ ঘ.