ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১১ উদযাপনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও রুম টু রিড আয়োজিত পড়াখেলা উৎসবে সোমবার অংশ নেন জাতীয় দলের তিন ক্রিকেটার শাহরিয়ার নাফীস, মাহমুদুল্লাহ রিয়াদ ও জুনায়েদ সিদ্দিকী।
রাজধানীর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত উৎসবে তিন ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফিল্ডিং কোচ জুলিয়েন ফন্টেইন, ম্যানেজার তানজীব আহমেদ সাদ, আইসিসির কর্পোরেট কমিউনিকেশন্স ম্যানেজার ক্রিস হার্স্ট ও আইসিসির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
দুপুর সাড়ে ৩ টায় জাতীয় দলের ক্রিকেটাররা স্কুলে আসার কথা থাকলেও ছাত্রীরা সকাল থেকেই তাদের জন্য অধীরে অপেক্ষায় ছিলেন।
নাফীসরা স্কুলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উল্লাসে ফেটে পড়ে। 'বাংলাদেশ' 'বাংলাদেশ' শ্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।
প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয়ের পরেও হতাশ নন কিশলয় স্কুলের ছাত্রীরা। ৭ম শ্রেণীর ছাত্রী নাদিয়া রহমান পাখি বলেন, "জয় পায়নি তাতে হতাশ নই, কারণ ওই দিন বাংলাদেশ দারুণ খেলেছে। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই খেলেছে।"
একই সুর সপ্তম শ্রেণীর আরেক ছাত্রী মরিয়ম নিশাতের মুখেও। "বাংলাদেশে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। দলের খেলায় আমরা ভীষণ খুশি।"
ছাত্রীদের মাঝে এসে খুশি ক্রিকেটারেরাও। তাদের উপর প্রত্যাশার মাত্রা কতটা এখানে এসে অনেকটাই টের পেয়েছেন তারা।
"এখানে না এলে বুঝতেই পারতাম না কতটা প্রত্যাশা আমাদের উপর।" কথা বলতে এসে সহজ স্বীকারোক্তি নাফীসের।
ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, "আমরা কঠোর পরিশ্রম করি, নিজেদের ভুলত্র"টিগুলো শুধরে নিতে। তোমাদেরকেও তাই করতে হবে। আরো বেশি করে পড়তে হবে, কেননা পড়লেই শিখতে পারবে। আর শেখার কোন বিকল্প নেই।"
এর আগে তারা উপভোগ করেন ছাত্রীদের প্রতিযোগিতা। এমনকি দৌড়ে অংশও নেন তারা। পুরস্কার দেয়ার সময় বাড়তি হিসেবে উপহার দেন নিজেদের অটোগ্রাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০৩ ঘ.
bdnews24