২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের ভালো শুরু

টস জিতে সাকিব আল হাসানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করেছেন ব্যাটসম্যানরা। এক কথায় বলা যায় বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস জিতে সাকিব আল হাসানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করেছেন ব্যাটসম্যানরা। এক কথায় বলা যায় বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। শুরুটা ভালো হয়েছে ব্যাটসম্যানদের কল্যাণে। নাঈম ইসলাম ও মাহমুদুল্লাহ ছাড়া প্রত্যেকেই ভালো ব্যাট করেছেন । তবে বাংলাদেশ দলের বোলিংটা আশানুরূপ না হওয়ায় ভারত বড় টার্গেট ছুড়ে দিতে পেরেছে। ভারতকে ২৭০-৮০ রানের মধ্যে আটকে ফেলা গেলে হয়তো ম্যাচ জেতা যেত। তাপরও ব্যাটসম্যানরা ভালো করায় সে হতাশা কিছুটা হলেও দূর হয়েছে। আরেক দিক থেকে সুবিধা হয়েছে আত্মবিশ্বাসটা ভালো অবস্থানে থাকবে এখন। যা পরের খেলায় কাজে আসবে। আর ব্যাটসম্যানরা খারাপ করলে পরের খেলায় বিরূপ প্রভাব পড়ত। ভারতের ব্যাটিং লাইন অনেক গভীর, তাছাড়া ব্যাটসম্যানরাও ফর্মে আছেন। তাই মিরপুরের ধীর গতির উইকেটেও বড় স্কোর গড়তে পেরেছে ভারত। এমনিতে মিরপুরের উইকেট দ্বিতীয় সেশনে ভালো হয়ে ওঠে। আমরা বিভিন্ন সময় খেলতে গিয়ে তা দেখেছি। সাকিব হয়তো ভেবেছিল ২৬০ রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে পারবে। কিন্তু তা না পারার মূল কারণ হচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছেন। বিশেষ করে বিরন্দের শেবাগ অসাধারণ ব্যাটিং করেছেন। তারপরও আমি বলব প্রথম ম্যাচ বলে বাংলাদেশের বোলাররা একটু চাপে ছিল তাই খারাপ বল করেছে। পরের ম্যাচগুলোতে বোলাররা স্বরূপে ফিরবে বলে আমি আশা করছি। সব মিলিয়ে বাংলাদেশ খারাপ খেলেছে তা বলা যাবে না। শনিবার কেনিয়া বনাম নিউজিল্যান্ড খেলার ক্ষেত্রে আমি নিউজিল্যান্ডকেই ফেভারিট বলব। যদিও গত কয়েকটি সিরিজে তারা খারাপ করছে। তারপরও এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। রবিবারের আরেক ম্যাচে কানাডার বিপক্ষে শ্রীলংকা পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। তাছাড়া এবার শ্রীলংকা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২২৪৯ ঘ.