২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে বাংলাদেশের হার

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলায় ভারতের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলায় ভারতের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করতে পাঠান ভারতকে। বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলির শতকের সুবাদে ৪ উইকেটে ৩৭০ রান করে তারা। জয়ের লক্ষ্য ৩৭১ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৮৩ রানে। উইকেট পড়ে ৯টি। বাংলাদেশের পালার শুরুতে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ভারতের শুরুর দিককার স্কোরের সঙ্গে পাল্লা দিয়ে এগুতে থাকে বাংলাদেশ। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ততোটা আক্রমণাত্মক ছিলেন না। দুজন মিলে ৬ ওভার ৫ বলে তুলে নেন ৫৬ রান। ২৯ বলে ৩৪ রান করে মুনাফ প্যাটেলের বলে বোল্ড হন ইমরুল। তার ইনিংসে চার ছিল সাতটি। অফ স্ট্যাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি তিনি। ব্যাটে লেগে বল তার স্ট্যাম্প ভেঙে দেয়। ইমরুল বিদায় নেয়ার পর থেকে বাংলাদেশের ওভার প্রতি রান তোলার হার কমতে থাকে। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে থাকে বাংলাদেশের হারও। দলীয় ১২৯ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন জুনায়েদ সিদ্দিকী। তখন তার ব্যক্তিগত রান ৩৭। হরভজন সিংয়ের বল ঠিকমতো বুঝতে পারেননি তিনিও। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। সঙ্গে সঙ্গে জুনায়েদের স্ট্যাম্প ভেঙে দেন ধোনি। তামিম ইকবাল তার একদিনের ক্রিকেট-জীবনে ১৭তম ও সাকিব ১৮তম অর্ধ-শতক আদায় করে নিলেও দলের হার ঠেকাতে পারেননি। তামিম ৮৬ বলে ৭০ রান করে মুনাফ প্যাটেলের বলে মিড-উইকেটে যুবরাজ সিংয়ের হাতে ধরা পড়েন। তিনি তার ইনিংসটি সাজান তিনটি চার ও একটি ছক্কা দিয়ে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি যখন বিদায় নেন, তখন দলের রান ১৮৮। তবে তামিম তার স্বভাবজাত খেলা খেলতে পারেননি। যেন ঢুকেছিলেন খোলসের মধ্যে। সাকিব ছিলেন বেশ আক্রমণাত্মক। দলীয় ২৩৪ রানের মাথায় ইউসুফ পাঠানের বলে হরভজন সিংয়ের হাতে ধরা পড়ার আগে করেন ৫৫ রান। তার ৫০ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। তার বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। ভারতের বোলারদের মধ্যে মুনাফ প্যাটেল ৪ উইকেট নেন ৪৮ রানে। ৪০ রানে দুই উইকেট নেন জহির খান। এর আগে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান টেন্ডুলকার ও শেবাগ। মাত্র ১০ ওভার ৫ বলে ৬৯ রানের শক্ত ভিত্তি গড়ে তোলেন তারা। টেন্ডুলকার ২৮ রান করে রান আউটের শিকার হলেও ভারতের ঝড় থামেনি, বরং চলতেই থাকে। শেষের দিকে ঝড়ের মাত্রা বাড়িয়ে দেন বিরাট কোহলি। মাত্র ৮৩ বলে ৮টি চার ও দু'টি ছক্কার সাহায্যে হার না মানা ১০০ রান করেন বিরাট কোহলি। বিশ্বকাপে এটি তার প্রথম শতক হলেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। খেলার শেষ দিকে (৪৭ ওভার ৩ বলের মাথায়) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বলে বোল্ড হন বীরেন্দর শেবাগ। তিনি ভারতের পালায় আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান। সাজঘরের পথ ধরার আগে মাত্র ১৪০ বলে ১৭৫ রান করেন তিনি। তার ১৪০ বলের ইনিংসে ১৪টি চার ও ৫টি ছক্কা রয়েছে। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় শতক হলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম। এছাড়া একদিনের ক্রিকেট জীবনে এটি তার সর্বোচ্চ রান। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ১৪৬। এই রান করেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালে রাজকোটে। এর আগে ১৫২ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে গৌতম গম্ভির করেন ৩৯ বলে ৩৯। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, সাকিব ও মাহমুদুল্লাহ। এ জন্য শফিউলের খরচ হয় ৬৯ রান। সাকিব ৬১ ও মাহমুদুল্লাহ রান দেন ৪৯। দুপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, ২৬০ রানের মধ্যে ভারতকে বেঁধে রাখতে চান তিনি। কেননা এর ভেতর যে কোনো রান তাড়া করে জেতার ক্ষমতা তার দলের রয়েছে। অন্য দিকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, রাতে কুয়াশা পড়বে বলে তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন। বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার শফিউল ও রুবেল হোসেন মোটেও সুবিধা করতে পারেননি। ফলে পঞ্চম ওভারেই শফিউলের বদলে স্পিনার আব্দুর রাজ্জাকের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবার নিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন শচীন টেন্ডুলকার। ফলে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের পাশে এসে দাঁড়ালেন তিনি। মিয়াঁদাদও ছয়বার বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলেছেন। এছাড়া একদিনের খেলায় সবচেয়ে বেশি ৪৪৫টি ম্যাচ খেলার রেকর্ডও করলেন শচীন। শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া খেলেছেন ৪৪৪টি একদিনের ম্যাচ। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে রাখা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/পিডি/২৩৩২ ঘ.