ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস হয়ে গেছে, বাংলাদেশ অধিনায়ক জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খেলা শুরু হতে আর মুহূর্তকাল বাকি।
যারা টিকিট কেটেছেন, তারা ঢুকে গেছেন গ্যালারিতে। যারা স্টেডিয়ামের বাইরে ছিলেন, তাদের অনেকেই টেলিভিশনে খেলা দেখতে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে মিরপুর স্টেডিয়ামের বাইরে এখনো অনেকে আছে, যাদের আশা- যদি একটি টিকিট মেলে।
বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শনিবার বেলা আড়াইটায় বাংলাদেশ-ভারতের খেলা দিয়ে মাঠে গড়চ্ছে টুর্নামেন্ট। দুপুর পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে মাঠে ঢোকে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা।
টসের আগে দুই দলের খেলোয়াড়দেরই কিছু সময় অনুশীলন করতে দেখা যায়।
বেলা সোয়া ২টার দিকে মাঠে ঢোকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন রাজনীতিককেও মাঠে ঢুকতে দেখা গেছে।
মাঠ ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। দুপুরে দুটি জঙ্গি বিমানকেও স্টেডিয়ামের ওপরে চক্কর দিতে দেখা যায়।
বিশ্বকাপের প্রথম খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিলো মিরপুর ২ নম্বরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে ১ নম্বর সনি সিনেমা হল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এক হাতে লেখা চার অন্য হাতে ছয় আর মুখে স্লোগান বাংলাদেশের জয়- এমন সাজে হাজারো মানুষ ঢোকেন স্টেডিয়ামে। তাদের একটাই চাওয়া- ভারতকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ।
স্টেডিয়ামের বাইরের অংশ দেখে মনে হচ্ছিলো লাল-সবুজের সমুদ্র। সারিবদ্ধ ক্রিকেটপ্রেমীরা ভেতরে ঢোকার সময় মনে হচ্ছিলো, ঢুকছে খণ্ড খণ্ড সবুজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাবিহা ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বুকের ভেতর বাংলাদেশ। সেই বাংলাদেশের শুভ কামনায় বাইরে (গালে) এঁকে নিচ্ছি দেশের পতাকা।"
স্টেডিয়ামের বাইরে স্থাপিত চারটি ফটক সকাল ১১টার দিকে খুলে দেওয়া হয়। সারি বেঁধে সবাই ঢুকছেন।
গ্যালারি এরই মধ্যে লাল-সবুজ হয়ে গেছে। কেউ এসেছেন বাঘের মুখোশ পড়ে, কেউবা কাপড় দিয়ে নিজেকেই বানিয়েছেন বাঘ। কেউ একই কাজ করেছেন রং মেখে। আবার কেউবা কপালে পতাকা খচিত ব্যান্ড বেঁধে।
বুকে-মুখে-পিঠে বাংলাদেশের পতাকা নিয়ে জড়িয়ে এসেছেন অনেকেই। যারা সময়ের অভাবে কিনতে পারেননি, তারা স্টেডিয়ামের বাইরে হকাদের কাছ থেকে তা কিনে ভেতরে ঢুকছেন।
পিছিয়ে নেই বিদেশিরাও, এদের অনেকেই বাংলাদেশের পতাকা হাতে, জার্সি গায়ে স্টেডিয়ামে ঢুকছেন।
ভারতের সমর্থকরাও ভারতের পতাকা নিয়ে ভেতরে ঢুকছেন। তবে তাদের সংখ্যা বেশ কম।
স্টেডিয়ামের বাইরে ভিড় করা বেশিরভাগ মানুষের কাছেই টিকেট ছিলো না। তবুও তারা আসেন দলকে সমর্থন দিতে। এদের কেউ কেউ আবার আসেন স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়ে।
মিরপুরের বাসিন্দা সমীরণ দেওয়ান বলেন, তিনি টেলিভিশনে খেলা দেখলেও ছোট ছেলেকে নিয়ে এসেছেন এই জনসমুদ্র দেখতে।
গ্যালারিতে ঢোকার মুখে তল্লাশি হচ্ছে। কোনো ধরনের ক্যামেরা নিয়ে ঢোকা বারণ- এমন কথা বলা হলেও হ্যান্ডিক্যাম নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
তবে ২টার পরও অনেককে অপেক্ষায় থাকতে দেখা যায়, তারা মনে করছেন- যদি কোনোভাবে একটি টিকিট মেলে। যদিও টিকিট বিক্রির প্রক্রিয়া শেষ হয়ে গেছে আরো আগেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, মূল স্টেডিয়ামের বাইরে স্থাপিত চারটি গেট দিয়ে দর্শকরা ঢুকবেন। এরপর স্টেডিয়ামের মূল ২২টি গেট দিয়ে গ্যালারিতে আসন নিতে হবে তাদের।
স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে কিছু নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী-সিগারেট, দিয়াশলাই, ম্যাচ লাইটার, লেজার পয়েন্ট, যেকোনো ধরণের বাঁশি, লাঠি, খাবার, পানির বোতল (মুখ বন্ধ থাকলে), কোমল পানীয়র বোতল বা ক্যান এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো ধরনের অস্ত্র (যেমন- ছুরি, চাকু) স্টেডিয়াম এলাকায় বহন করা যাবে না।
এখন পর্যন্ত সব কিছু সুশৃঙ্খলভাবেই হচ্ছে। ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে স্টেডিয়াম পাড়ায়।
মিরপুরের এ স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক খেলা দেখতে পারবে। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজধানীর ১৪টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে।
ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএএম/পিসি/এসইউএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24