মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম। নগরীর প্রধান সড়কগুলো সংস্কার ছাড়াও আশেপাশের দেওয়াল রঙ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে ম্যুরাল। সেই সঙ্গে বসানো হয়েছে আকর্ষণীয় ফোয়ারা। সব মিলিয়ে অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত এই বন্দরনগরী।
অবশ্য দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে তেমন কেনো চাঞ্চল্য নেই। ফুটবল বিশ্বকাপের সময় ভবনের ছাদগুলো যেমন নানা দেশের পতাকায় ছেয়ে যায়. সাধারণ মানুষের তেমন কোনো উন্মাদনা চোখে পড়েনি নগরী ঘুরে। শুধু বিমান বন্দর ও চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশেপাশে কয়েকটি ভবনে বাংলাদেশের পতাকা উড়তে দেখা গেছে।
এছাড়া স্টেডিয়াম সংলগ্ন কয়েকটি ভবন রঙ করা হয়েছে জাতীয় পতাকার রঙে।
অবশ্য বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দীর্ঘদিন পর হকারশূন্য ফুটপাতে হাটতে পারছে চট্টলাবাসী। গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুইপাশ থেকে এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা।
বৃহস্পতিবার ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনের পর বাংলাদেশে অনুষ্ঠেয় আটটি ম্যাচের দুটি হবে চট্টগ্রামে।
বিসিবির পরিচালক ও চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান সিরাজুদ্দিন মো. আলমগীর বলেন, "আশা করছি বিশ্বকাপ শুরু হলেই দর্শকরা ক্রিকেট উৎসবে মেতে উঠবে।"
অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ১৯৯৯ বিশ্বকাপ দলের সদস্য মিনহাজুল আবেদীন নান্নুর মতে, এ দেশের আপামর দর্শকের কাছে ক্রিকেট এখনো প্রধান খেলা হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।
"এ কারণেই তেমন কোনো উন্মাদনা এখনো চোখে পড়ছে না," বলেন তিনি।
বাড়িতে বাড়িতে পতাকা না উড়লেও বিশ্বকাপ উপলক্ষে নগরীকে সাজাতে নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের পতাকা ওড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
নগরীর প্রধান সড়ক পরিচ্ছন্ন করা ছাড়াও সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে লাল-সবুজ রঙ লাগানোর এরইমধ্যে কাজ শেষ হয়েছে বলে জানান সিসিসির সচিব মো. শামসুদ্দোহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পুরো নগরীকে ব্যানার, ফেস্টুন ও রঙিন কাগজে সজ্জিত করতে ইতোমধ্যে ৪১ জন ওয়ার্ড কাউন্সিলরকে অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/২০২৬ ঘ.
bdnews24