ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৮ রানে হারিয়েছে ভারত।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ ওভার ৩ বলে ২১৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের তোপের মুখে ৩৭ ওভার ৫ বলে ১৭৬ রানে গুটিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ভারতের প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে রানের দেখা পেয়েছেন কেবল উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ।
৫৬ বলে ৫৪ রান করার পথে ৮টি চার ও ১টি ছয় হাঁকান তিনি।
এছাড়া বিরাট কোহলি ২১, ধোনি ১১ ও রায়না ১২ রান করেন। দু'অঙ্কের কোঠায় পৌঁছার আগেই সাজঘরে ফেরেন গৌতম গম্ভীর (৬) ও যুবরাজ সিং (১)।
১১৩ রানে ৫ম ব্যাটসম্যান হিসেবে শেবাগ সাজঘরে ফিরে গেলে আরো বড় বিপর্যয় থেকে ভারতকে রক্ষা করেন নিচের সারির ব্যাটসম্যানরা।
৭ নম্বরে নামা ইউসুফ পাঠান (৩২), ১০ নম্বরে নামা রবিচন্দ্রন অশ্বিন (২৫*) ও ১১ নম্বরে নামা আশীষ নেহরার (১৯) দৃঢ়তায় ২১৪ রান সংগ্রহ করে ভারত।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি ৩টি এবং জন হেস্টিংস ও ডেভিড হাসি ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন (৩৩), টিম পেইন (৩৭) ও রিকি পন্টিংয়ের (৫৭) রানের সুবাদে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। কিন্তু পরের দিকের ৮ ব্যাটসম্যানের মধ্যে কেবল জনসন দু'অঙ্কে পৌঁছানোয় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
শেষ ৮ ব্যাটসম্যানের মধ্যে ৭ জনের মোট রান ১৪।
ভারতের পক্ষে পীযুষ চাওলা ৩১ রানে ৪ ও হরভজন ১৫ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২০৩ ঘ.
bdnews24