ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
টস জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের ক্ষুরধার আক্রমণের মুখে ১১২ রানে গুটিয়ে যায় কানাডা। জবাবে সহঅধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে হারিয়ে জয়ের লক্ষ্য ১১৩ রানে পৌঁছে যায় সাকিব বাহিনী। খেলেছে ১৯ ওভার ২ বল।
তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ১০৬ রানের উদ্বোধনী জুটি কানাডার লড়াই করার ন্যূনতম সুযোগটিও কেড়ে নেয়।
ইমরুলের বিপরীতে তামিমের ছিলো রুদ্র মূর্তি। ৫০ বলে ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে করেন ৬৯ রান। জয় থেকে ৭ রান দূরে তামিম রিজওয়ান চিমার বলে সাজঘরে ফিরে গেলে একমাত্র সাফল্য পায় কানাডা।
তামিম ফেরার পর বাকি কাজটুকু নিরাপদেই সারেন ইমরুল ৩৯* ও জুনায়েদ সিদ্দিকী ১*।
এরআগে পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেনের তোপের মুখে ২২ রানে প্রথম ব্যাটসম্যানকে হারায় কানাডা।
৪র্থ উইকেটে বাগাই ও হানসারা ৩৯ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার আভাস দেন। হনসারাকে (২২) ফিরিয়ে দিয়ে প্রতিরোধ গুড়িয়ে দেন নাঈম ইসলাম।
দলীয় ৮১ রানে কানাডার সবচেয়ে সফল ব্যাটসম্যান বাগাইকে (৩০) ফিরিয়ে ছোটখাটো ধসের সূচনা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ও সাকিবের যৌথ আক্রমণে ওই রানেই আরও ৩ উইকেট হারায় কানাডা।
এর মধ্যে সবচেয়ে আগ্রাসী ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে দ্রুত ছেটে দেন কানাডার লেজটুকু। ফলে ৩৭.৩ ওভার ব্যাট করে ১১২ রানে গুটিয়ে যায় কানাডা।
দলের পক্ষে শফিউল, রিয়াদ ও রুবেল নেন ৩টি করে উইকেট।
মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ ফেব্র"য়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১২ ঘ.
bdnews24