চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দল জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে। শনিবার তারা কানাডার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।
বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করে বাংলাদেশ দল।
এদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম এসে পৌঁছেছে কানাডা ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজুদ্দিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে কানাডা দল চট্টগ্রাম পৌঁছেছে। শুক্রবার বিকালে তারা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে।
বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। তিনি বলেন, "দলের সব সদস্যই বিশ্বকাপে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা খেলতে সবাই কঠোর পরিশ্রম করছে।"
ৃ
কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিষয়ে জানতে চাইলে জুনায়েদ বলেন, "প্রস্তুতি আর বিশ্বকাপের ম্যাচ দু'টোই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
প্রস্তুতি ম্যাচের টিকেট বিক্রির জন্য নগরীর এ কে খান গেট এলাকায় একটি অস্থায়ী বুথ স্থাপন করেছে বিসিবি। শুক্রবার সকাল থেকে টিকেট পাওয়া যাবে।
গ্যালারির টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। দুই শ' টাকায় মিলবে ক্লাব হাউজ আর ইন্টারন্যাশনাল গ্যালারির টিকেট দাম চার শ' টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এসএনএল/টিআর/২১৪০ ঘ.
bdnews24