২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেট আসরকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল তৎপর'

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আসরকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আসরকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিরোধী দল ইস্যুবিহীন হরতাল ডেকেছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দপ্তর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন বাংলাদেশের গৌরব।" এরকম কর্মকাণ্ড থেকে বিরোধী দলের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‌্যাবকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ১২টি ব্যাটালিয়নের পাশাপাশি আরো দু'টি ব্যাটালিয়ন গঠন, জনবল বৃদ্ধি, যানবাহন ও হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ৪৩৫ কোটি টাকা ব্যয়ে র‌্যাবের জন্য ৭টি কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত র‌্যাব-১১ এর সদর দপ্তর ভবন র‌্যাবের নিজস্ব স্থাপনা বলে অনুষ্ঠানে জানানো হয়। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "চারদলীয় জোট সরকারের সময় র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটানো হয়েছিল। সেসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশে বোমা হামলা ও বরেণ্য ব্যক্তিদের হত্যা করা হয়।" "বর্তমান সরকার সেই বৃত্ত থেকে র‌্যাবকে বের করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।" র‌্যাব জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকদব্য নির্মূলে কার্যকর ভুমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছে বলে দাবি করেন টুকু। তিনি বলেন, বিরোধী দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। হরতাল ডেকে গাড়িতে আগুন দিলে, দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করলে আইনশৃঙ্খলা বাহিনী চুপ করে বসে থাকতে পারে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস কেএমএস/১৫৩৫ ঘ.