ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পর্যবেক্ষক দল সোমবার কলকাতার ইডেন গার্ডেনের প্রস্তুতি কাজ পর্যবেক্ষণ করেন। তবে ইডেনে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি দলটি।
সকাল ৯টা ৫০ মিনিটে মাঠে ঢুকে পর্যবেক্ষক দল নতুন দুটি গ্যালারি, ড্রেসিং রুম, কয়েকটি কর্পোরেট বক্স ও অন্যান্য অংশ পর্যবেক্ষণ করেন। তবে তারা সাইট স্ক্রিন পরিদর্শনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন।
যথা সময়ে প্রস্তুতি কাজ শেষ করতে না পারায় ২৭ ফেব্র"য়ারির ইডেন গার্ডেনের উদ্বোধনী খেলাটি (ভারত-ইংল্যান্ড) ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে সরিয়ে নেয় আইসিসি।
পরের তিন ম্যাচের ব্যাপারেও আইসিসির শর্ত পূরণে পিছিয়ে আছে ইডেন। আইসিসি জানিয়েছে, অন্য ম্যাচগুলো আয়োজন করতে হলে নতুন দুই গ্যালারির উপর আচ্ছাদন দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
আইসিসি ৭ ফেব্র"য়ারি, ১৪ ফেব্র"য়ারি ও ২২ ফেব্র"য়ারির মধ্যে ৩ দফায় পুরো কাজ শেষ করার শর্ত দিয়ে রেখেছে। তবে সে সময়ের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে না বলে জানিয়েছে ক্রিকেট এসোসিয়েশন অব বাংলা (সিএবি)।
সিএবির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বরূপ দে বলেন, আমরা আইসিসির দলটিকে মাঠের সকল সুযোগ-সুবিধাই দেখিয়েছি। তারা পুরো মাঠ ঘুরে দেখেছে।"
তবে দলটি মাঠের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে দে বলেন, আমি সেটা বলতে পারছি না। কারণ তারা এখনো কিছু জানায়নি।
তবে বাকি ম্যাচগুলি ইডেনে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে কলকাতার ক্রিকেট ভক্তরা এদিন মাঠে কালো পতাকা ওড়ান এবং আইসিসির কাছে ভারত-ইংল্যান্ড ম্যাচটি ইডেন গার্ডেনে ফিরিয়ে আনার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৪২ ঘ.
bdnews24