ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল। আর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দলের কোচ টিম নেইলসেন আশা করছেন নির্বাচকরা শিরোপা ধরে রাখার এই মিশনে খুব বেশি অনুপযুক্ত খেলোয়াড় নেয়ার ঝুঁকি নেবেন না।
বুধবার বিশ্বকাপ দল নিয়ে নতুন করে পরিকল্পনা করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের অধিনায়ক রিকি পন্টিংসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাইকেল হাসি ও নাথান হরিজ চোট সমস্যায় ভুগছেন। বদলি হিসেবে যাদের কথা ভাবা হয়েছে তাদের মধ্যে জাভিয়ের ডোহার্টি ও শন মার্শও একই সমস্যায় রয়েছেন।
এই সপ্তাহেই ভারতে যাওয়ার কথা অস্ট্রেলিয়া দলের। রোববার ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
নেইলসেন বলেন, " দু'জন, তিনজন বা চারজন অনিশ্চিত খেলোয়াড় নিয়ে বিশ্বকাপের মত প্রতিযোগিতায় খেলতে যাওয়ার ঝুঁকি নেয়া অর্থ মাত্র ১১ জন খেলোয়াড় নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমরা দ্বিধা-দ্বন্দে ভুগছি। এ অবস্থায় খেলা চলাকালে কেউ চোট পেলে কে তার জায়গা নিবে? তাই আগেই এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৭ ঘ.
bdnews24