২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কাছে হেরেও শিরোপা আবাহনীর

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ১ উইকেটে হেরেও ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ১ উইকেটে হেরেও ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে আবাহনী। তবে দিনের অন্য খেলায় গাজী ট্যাংককে বাংলাদেশ বিমান ১৫ রানে না হারালে দুঃস্বপ্নের মধ্য দিয়ে লিগ শেষ হতে পারতো ধানমন্ডির এই দলটির। এ অবস্থায় ওল্ড ডিওএইচএস ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) খেলাটি এখন পরিণত নিয়ম রক্ষার খেলায়। আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর ২৩ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে মোহামেডান। গত মৌসুমে লিগের শেষ খেলায় এই মোহামেডানের বিপক্ষে হেরেই টানা চতুর্থ শিরোপা ঘরে তোলার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল আবাহনীর। কিন্তু এবার লিগের প্রথম পর্বের খেলায় মোহামেডানকে ১০ উইকেটে হারায় আবাহনী। গত পাঁচ মৌসুমের মধ্যে এবার নিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে নিয়ে তুললো আবাহনী। আবাহনীর এই খেলায় মাঠে নামেন পেসার মাশরাফি বিন মতুজা। ২১ নভেম্বরের পর এই প্রথম মাঠে নামলেন তিনি। ওই খেলায় রান নিতে গিয়ে চোট পান মাশরাফি। আবাহনী-মোহামেডান ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে মোহামেডান ব্যাট করতে পাঠায় আবাহনীকে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক (৪৬) ও রনি তালুকদার (৩৮) জুটি ৮৭ রানের চমৎকার একটি ভিত্তি গড়ে দেন। তবে এই ভিত্তিকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি পরের দিকের ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে নিরাপদ নয়, ৮ উইকেটে লড়াই করার মতো ২৩০ রানের পুঁজি জমা করে দলটি। এর মধ্যে রজত ভাটিয়ার ব্যাট থেকে আসে ৪৫ রান। ফরহাদ হোসন করেন ৩২। মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নেন শোয়েব মালিক, এনামুল হক (জুনিয়র) ও তারেক আজিজ। রান তাড়া করতে নেমে আবুল হাসানের মারাত্মক বোলিংয়ের মুখে মাত্র ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে মোহামেডান। তারপরও মাঝের সারির ব্যাটসম্যান শামসুর রহমান (৬৫), খালেদ মাসুদ (২৭), ফয়সাল হোসেন (৬৫) ও আজহার মাহমুদের অপরাজিত ৩৪ রানের সুবাদে জয়ের লক্ষ্য ২৩১ রানে পৌঁছে যায় মোহামেডান। তখনো হাতে ছিল তিন বল। এর আগে প্রথম পর্বের খেলাতেও মোহামেডানের সর্বনাশ ঘটান আবুল। এ খেলায় ধরেন আরো ভয়ঙ্কর মূর্তি। ৬ উইকেট নেন ৩১ রানে। কিন্তু অন্য কোনো বোলার তাকে যথার্থ সহায়তা দিতে পারেননি। বাংলাদেশ বিমান-গাজী ট্যাংক আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের ক্ষেত্রে গাজী ট্যাংকের জন্য দারুণ একটা সুযোগ করে দিয়েছিল মোহামেডান। কিন্তু বিমানের কাছে ১৫ রানে হেরে ওই সুযোগ নষ্ট করে গাজী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মাঠে টস জিতে গাজী ব্যাট করতে পাঠায় বিমানকে। জহুরুল ইসলামের ৫৭ ও তুষার ইমরানের ৩৪ রানের সুবাদে ৯ উইকেটে ২১৩ রান করে বিমান। গাজীর পক্ষে নাসির হোসেন নেন ৩ উইকেট। রান তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭ ওভার ৫ বলে ১৯৮ রানে গুটিয়ে যায় গাজীর ইনিংস। ফলে ১৫ রানে হেরে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় গাজীকে। গাজীর পক্ষে নাসির ৩৪ ও অলোক কাপালী ৩৩ রান করেন। বিমানের পক্ষে শরীফুল্লাহ ও সানোয়ার হোসেন ২টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫৩ ঘ.