চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চার দিনের অনুশীলন শেষ করেছে জাতীয় ক্রিকেট দল।
শুক্রবার বিকালে দলের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
বিসিবির পরিচালক ও চট্টগ্রামের ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকাল চারটার দিকে ক্রিকেট দল চট্টগ্রাম ছেড়ে গেছে।
এর আগে সকালে তৃতীয় দিনের মত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করে টাইগাররা। তবে গত দুদিনের মতো পুরো দল অনুশীলনে আসেনি।
শুক্রবার তামিম ইকবাল, মো. আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান, রুবেল হোসেন, মুশফিক রহিম, নাঈম ইসলাম ও শাহরিয়ার নাফিসকে অনুশীলনে দেখা গেছে। অন্যরা ছিলেন জিমে।
প্র্যাকটিস শেষে কোচ জেমি সিডন্স সাংবাদিকদের বলেন, "চট্টগ্রামে অনুশীলন খুবই ভালো হয়েছে। ক্যাম্পে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে।"
বিশ্বকাপের টার্গেট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে প্রয়োজনীয় সংখ্যক খেলায় জিততে পারবো।"
পাশাপাশি জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামের আউটফিল্ড ও ফ্লাড লাইটের প্রশংসা করেন বাংলাদেশ দলের এই কোচ।
তিনি বলেন, "এখানে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন ম্যাচের সময় সহায়ক হবে।"
পেসার রুবেল হোসেনও বললেন ভালো অনুশীলনের কথা।
বিশ্বকাপে নিজের লক্ষের কথাও জানিয়ে তিনি বলেন, 'বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকতে চাই।'
বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্র"য়ারি চট্টগ্রামে।
কানাডার বিপক্ষে ওই ম্যাচ খেলতে বুধবার টাইগরার আবারো চট্টগ্রাম আসবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০০৩ ঘ.
bdnews24