ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধানমন্ডির আবাহনী মাঠে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি হাতে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল জোর দিয়ে বলেছেন, একদিন এ ট্রফি বাংলাদেশও জিতবে।
হাঙ্ক ক্রিকেট চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট, বাংলাদেশ (ইউল্যাব) ও রানারআপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রফি হাতে বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড সভাপতি বলেন, "একদিন এ ট্রফি আমরাও জিতবো।"
ট্রফি হাতে নিয়ে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "খুবই ভালো লাগছে।"
বাংলাদেশে ট্রফি আনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টিকে স্বাভাবিক ঘটনা বলে মনে করেন তিনি। বলেন, "সবই হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী। অতীতে এ নিয়ে নানা ধরনের কথা উঠেছে। কখনো কখনো ট্রফি হারানোর খবরও পাওয়া গেছে। তাই ট্রফি আনার ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হয়েছে।"
ট্রফির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা না নেয়ায় একে রেপ্লিকা হিসেবে দাবি করছেন অনেকেই। তবে তিনি তা স্রেফ উড়িয়ে দেন। সেই সঙ্গে বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঠিকই নেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, "ট্রফি আবার ভারত নিয়ে যাওয়া হবে। সে দেশের ৮টি স্থানে প্রদর্শনের পর উদ্বোধনী অনুষ্ঠানের আগে আবার তা ঢাকায় আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলার সময় মাঠেই থাকবে বিশ্বকাপ ট্রফি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২১ ঘ.
bdnews24