২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল

প্র্যাকটিস ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চারদিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্র্যাকটিস ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চারদিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর ১১টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলের ১০ ক্রিকেটার। এর ১৫ মিনিট পর জিএমজি এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালসহ বাকি পাঁচজন। তারা নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলে থাকছেন। বাংলাদেশ দল চট্টগ্রামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করবে। বিশ্বকাপের একটি প্র্যাকটিস ম্যাচসহ চট্টগ্রামে বাংলাদেশ দলের তিনটি ম্যাচ রয়েছে। আগামী ১২ ফেব্র"য়ারি কানাডার সঙ্গে প্রথম প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১১ মার্চ জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ১৪ মার্চ টাইগারদের বিপক্ষে মাঠে নামবে হল্যান্ড দল। বাংলাদেশ দলের ম্যানেজার তানজীব আহসান সাদ সাংবাদিকদের জানান, চট্টগ্রামে আসার মূল উদ্দেশ্য এখানকার ম্যাচগুলোর আগে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। আর ঢাকায় আমরা বুধবার থেকে বড় মাঠ পাচ্ছি না। তাই এখানে বড় মাঠে প্র্যাকটিস করা যাবে। শুক্রবার পর্যন্ত চট্টগ্রামেই প্র্যাকটিস করবেন টাইগাররা। ম্যানেজার জানান, প্রথম দিন (মঙ্গলবার) কোনো প্র্যাকটিস ছিল না। হোটেল, জিমনেসিয়াম আর ঘুরে ফিরেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। তিনি জানান, বুধবার বিকেল তিনটায় চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে দল প্র্যাকটিসে নামবে। প্র্যাকটিস চলবে ফ্লাড লাইটেও। তিনদিনের প্র্যাকটিস শেষে চার ফেব্র"য়ারি বিকেলে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে বিশ্বকাপের সঙ্গে ক্রীড়ামোদিদের সম্পৃক্ত করতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্ণফুলী নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করে। এটি কর্ণফুলীর সদরঘাট তীর থেকে শুরু হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত ঘুরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২১৯ ঘ.