ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার। এছাড়াও দলে নেই ব্যাটসম্যান ডেভিড মিলার ও লেগ-স্পিনার ইমরান তাহির।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ১১ জানুয়ারি পার্লে প্রথম ম্যাচ।
দলে নতুন দুই মুখ বাঁ-হাতি ব্যাটসম্যান ডিয়ান এলগার ও অলরাউন্ডার রোরি লেইনভেলদট। ২৮ বছর বয়সী লেইনভেলদটের দুইটি আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
তবে ২৪ বছর বয়সী এলগার দক্ষিণ আফ্রিকার ক্যাপ মাথায় নেয়ার সুযোগ এখনো পাননি। ঘরোয়া সীমিত-ওভারের প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পুরস্কার স্বরূপ তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। দল নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হডসন বলেন, “এলগার এই সুযোগের যোগ্য দাবিদার। ওয়ানডে কাপে (ঘরোয়া) তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। তার রান তোলার গড়ও সবার সেরা। একই সঙ্গে তার স্পিনও কার্যকর।”
স¤প্রতি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া এবি ডি ভিলিয়ার্সের জন্য অধিনায়ক হিসেবে ওটা হবে প্রথম ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, জোহান বোথা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডু প্লেসিস, ডেয়ান এলগার, জ্যাক ক্যালিস, রোরি লেইনভেলদট, মরনে মরকেল, ওয়েইন প্লানেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন ও লোনওয়াবো সোটসোবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৩৩ ঘ.
bdnews24