ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো শচীন টেন্ডুলকারের উইকেট নিতে চান পিটার সিডল। মেলবোর্নে প্রথম টেস্টে দুই পালাতেই টেন্ডুলকারের উইকেট নেন তিনি।
সিডল বলেন, “টেন্ডুলকারের উইকেটটা নিঃসন্দেহে বড়। তাই তার উইকেট নিতে পারলে ভালোই লাগে। আশা করছি, আমি আবার তার উইকেট নিতে পারবো।”
প্রথম টেস্টে চমৎকার ব্যাট করেন টেন্ডুলকার। প্রথম ইনিংসে করেন ৭৩ রান। দ্বিতীয় ইনিংসে ৩২। আর দু’বারই তার উইকেট নেন সিডল।
টেন্ডুলকারকে আউট করা প্রসঙ্গে তিনি বলেন, “এখানে বড় কোনো পরিকল্পনা কিংবা গোপন কিছু নেই। দু’বারই তিনি আউট হয়েছেন দু’রকমভাবে। প্রথমবার তিনি বোল্ড হন, দ্বিতীয়বার ক্যাচ। আউট হওয়ার আগে কয়েকটি ভালো বলের মুখে পরায় সম্ভবত তিনি চাপে পড়ে যান।”
টেন্ডুলকারকে বল করার সময় বাড়তি কোনো কিছু করার কথা তিনি স্রেফ উড়িয়ে দেন। বলেন, “তিনি দলের অন্য সবার মতো একজন ব্যাটসম্যান মাত্র। উদ্বোধনী কিংবা এগারো নম্বর ব্যাটসম্যান, যাকেই আপনি বল করেন না কেন, আপনাকে সব সময় উইকেট নেয়ার চেষ্টা করতে হবে। মেলবোর্নে আমি পেয়েছি। পরের বার হয়তো জেমস প্যাটিনসন কিংবা নাথান লায়ন পাবেন।”
সিডলের টেস্ট-জীবনের প্রথম উইকেটটিও ছিল টেন্ডুলকারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪২ ঘ.
bdnews24