২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার শতকে চালকের আসনে শ্রীলঙ্কা

কুমার সাঙ্গাকারার ২৮ তম শতকের সুবাদে কিংসমিড ডারবানে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারার ২৮ তম শতকের সুবাদে কিংসমিড ডারবানে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বুধবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৬ রান করেছে শ্রীলঙ্কা। থিসেরা পেরেরা ৬ ও রঙ্গনা হেরাথ ৫ রানে ব্যাট করছেন। ৩ উইকেট হাতে নিয়ে ৪২৬ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এর আগে ১ উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ১৩ রান যোগ করেই থারাঙ্গা পারানাভিতানাকে (৯) হারায় সফরকারীরা। বেশিক্ষণ টেকেননি মাহেলা জয়াবর্ধনেও। ১৪ রান করে মার্চেন্ট ডি ল্যাঙ্গের বলের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। দলের রান তখন ৪৪। চতুর্থ উইকেটে সাঙ্গাকারা ও থিলান সামারাবীরা ৯৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকার জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন ইমরান তাহির। অর্ধশতক থেকে ৭ রান দূরে থেকে ইমরানের বলে বোল্ড হয়ে যান সামারাবীরা (৪৩)। তিন রান পরে আবারো উইকেট হারায় সফরকারীরা। এবার ডেল স্টেইনের বলে মার্ক বাউচারের হাতে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩)। ১৪১ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে ওই অবস্থা থেকে টেনে তুলেন সাঙ্গাকারা ও দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেটে ১০৪ রান যোগ করে দলকে বড় লিড এনে দেন তারা। এর ফাঁকে সাঙ্গাকারা নিজের শতক তুলে নেন। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নেন চান্দিমাল। অর্ধশতকে পৌঁছানোর পরপরই স্টেইনের বলে বাউচারের হাতে ধরা পড়েন চান্দিমাল (৫৪)। পরের ওভারের প্রথম বলেই তাকে অনুসরণ করেন সাঙ্গাকারা (১০৮)। ইমরানের বলে তিনি ক্যাচ দেন গ্রায়েম স্মিথের হাতে। তার ১৯০ বলের ইনিংসে ১৩টি চার। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন ৩ উইকেট নেন ৫৪ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৩ ঘ.