ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে তিন শও করতে পারেনি ভারত, অলআউট হয়ে গেছে ২৮২ রানে। সেজন্যই বোধহয় বীরেন্দর শেবাগের ধারণা, প্রথম টেস্টে লক্ষ্যটা তিনশর নিচে থাকলে তা অতিক্রম করে জেতার সামর্থ্য তাদের রয়েছে।
বুধবার তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হাতে নিয়ে ভারতের চেয়ে ২৩০ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
ভারতের সহ-অধিনায়ক বলেন, “আমরা তিন শর নিচে যে কোনো লক্ষ্য চাই। এই ম্যাচে এখন দুই দলের সামনেই জয়ের সমান সম্ভাবনা। তবে জিততে হলে আমাদের অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে।”
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেটে শুরু থেকেই পেসাররা বেশ সহায়তা পাচ্ছেন। আর তাই চতুর্থ ইনিংসে ব্যাট করতে সমস্যা হওয়ার আশঙ্কা করছেন শেবাগ।
তিনি বলেন, “বল ঠিকভাবে ব্যাটে আসছে না। উইকেটে অস্বস্তিকর বাউন্সও আছে। বল থেমে-থেমে ব্যাটে আসছে। সেজন্যই এই টেস্টে ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙ্গে যাওয়ার ঘটনা বেশি ঘটছে। তবু ফ্ল্যাট উইকেটের চেয়ে আমি এ ধরনের উইকেটে ব্যাট করতেই বেশি পছন্দ করি।”
“দলকে ভালো সূচনা এনে দেয়া আমাদের (শেবাগ ও গৌতম গম্ভীর) জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাজটা করতে পারলে আমাদের সামনে জেতার ভালো সম্ভাবনাও থাকবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৪ঘ.
bdnews24